বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের সব পরিচালককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদন ছাড়া পুঁজিবাজারে যেতে চাওয়ায় বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির ১২ পরিচালককে জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা পরিশোধ করতে গতকাল বৃহস্পতিবার কোম্পানির পর্ষদকে চিঠি পাঠিয়েছে আইডিআরএ। আইডিআরএ সূত্রে এ তথ্য জানা গেছে।
আইডিআরএ বলেছে, কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা সানা উল্লাহ অন্তত চার মাসের জন্য এ কোম্পানিতে কাজ করতে পারবেন না। কোম্পানি সচিব মাসুদ রানা এবং প্রধান আর্থিক কর্মকর্তা ফিরোজুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে সংস্থাটি।
আইডিআরএ কার্যালয়ে গত বুধবার অনুষ্ঠিত এক শুনানিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের কথা গতকাল চিঠি দিয়ে জানানো হয় কোম্পানিকে।
চিঠিতে আরও বলা হয়, যথাসময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত না হওয়ায় ৭৩ লাখ টাকা জরিমানা গুনতে হবে কোম্পানিকে। জানা গেছে, ইতিমধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি এই টাকা পরিশোধ করেছে।
এর আগে গত জুলাইয়ে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে ১৭ কোটি ৭০ লাখ টাকা তোলার উদ্যোগ নেয় ন্যাশনাল ইনস্যুরেন্স। কিন্তু আইনি প্রক্রিয়া অনুসরণ না করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন করায় তখন বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। আইডিআরএর পরামর্শে পরে অবশ্য এর আইপিও প্রক্রিয়া বন্ধ করে দেয় বিএসইসি।
আইডিআরএ সূত্রমতে, ন্যাশনাল ইনস্যুরেন্স বেআইনিভাবে অনুমোদিত মূলধন বাড়িয়েছে, মূলধনের উদ্যোক্তা ও জনগণের অংশের অনুপাত হেরফের করেছে এবং সে অনুযায়ী পরিশোধিত মূলধনের টাকাও পরিশোধ করেনি।