
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশীদার হতে বিশ্বের বড় বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অর্ধদশক আগের চেয়ে বাংলাদেশ এখন এক ভিন্ন রকম দেশ। আজকের বাংলাদেশ হচ্ছে সম্পূর্ণ পরিবর্তিত এক বাংলাদেশ। বাংলাদেশের মানুষ এখন আরও বেশি আত্মবিশ্বাসী। তারা যেকোনো অসম্ভব কাজকে বাস্তবায়ন করতে আরও বেশি আত্মবিশ্বাসী ও অঙ্গীকারবদ্ধ।’
রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার সকালে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিট-২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। খবর বাসসের।
বিনিয়োগের জন্য বাংলাদেশকে আকর্ষণীয় স্থান উল্লেখ করে বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি সুন্দর দেশ। আসুন, এখানে বিনিয়োগ করুন। আমাদের উন্নয়ন অগ্রযাত্রায় আপনাদের সক্রিয় অংশীদার হওয়ার এখনই যথার্থ সময়।’ শেখ হাসিনা আরও বলেন, ‘বিনিয়োগ বোর্ডের চেয়ারপারসন হিসেবে আমি আপনাদের, বিশেষ করে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের নিশ্চিত করতে চাই যে আমরা আপনাদের বাস্তবভিত্তিক বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়নে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। বাংলাদেশে আপনার বিনিয়োগের সুরক্ষা ও বৃদ্ধি সুনিশ্চিত।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিনিয়োগ কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যে বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। আমরা সারা দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নিয়েছি। ইতিমধ্যে অর্থনৈতিক অঞ্চল তৈরির জন্য ৩০টি এলাকা নির্বাচন করা হয়েছে।’ আগামী মাসে ১০টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিনিয়োগ বোর্ডের ভাইস চেয়ারম্যান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, ভারতের মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা এবং ভারতের আদানী গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানী প্রমুখ। এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এ সামাদ ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের রয়েছে বিপুলসংখ্যক যুব কর্মশক্তি। বিশাল বাজার, উন্নত যোগাযোগব্যবস্থা, ব্যক্তিস্বাধীনতা এবং সুদৃঢ় গণতান্ত্রিক ব্যবস্থা। কার্যকর বাজার অর্থনীতির যথাযথ ব্যবহারের জন্য আমরা ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে প্রয়োজনীয় পরিবর্তন ও পদ্ধতিগত সরলীকরণ করেছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সব সময়ই বলে থাকি, সরকার ব্যবসা করবে না। ব্যবসা করবেন ব্যবসায়ীরা। আমার সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করে দেবে। আমরা তা-ই করছি।’
দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিল্প অবকাঠামো ও অর্থনৈতিক অঞ্চল নির্মাণ, জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো নির্মাণ এবং এ খাতে বৈচিত্র্য আনা, ডিজিটাল বাংলাদেশের পরিধি ও কর্মকাণ্ড বিস্তৃত করা, সড়ক অবকাঠামো উন্নয়ন, অভ্যন্তরীণ জলপথ, বন্দরসুবিধা বৃদ্ধি করা ও গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ, বিনিয়োগ পরিবেশ বিকাশে বিনিয়োগ প্রচার ও প্রসারকারী সংস্থা যেমন বিনিয়োগ বোর্ড, বেজা (বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ), পিপিপি দপ্তর, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রাতিষ্ঠানিক উন্নয়ন, গ্রাহকদের যথাযথ সেবা প্রদানের জন্য কার্যক্ষম ‘একক সেবা স্থান’ (ওয়ান স্টপ সেন্টার) সুবিধা প্রভৃতি স্থাপন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব ধরনের বেসরকারি বিনিয়োগে রাজস্ব ও রাজস্ববহির্ভূত আকর্ষণীয় প্রণোদনা দিচ্ছি। বিনিয়োগকারীদের প্রবেশ ও বহির্গমন সহজ করা হয়েছে এবং তাঁরা তাঁদের বিনিয়োগকৃত অর্থ ও মুনাফা সহজেই দেশে নিয়ে যেতে পারেন।’