কলকাতা শিল্প ও বাণিজ্য মেলায় বরাবরের মতো এবারও বাংলাদেশের প্যাভিলিয়ন ক্রেতা-দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্যাভিলিয়নজুড়ে প্রতিদিনই দেখা গেছে ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তাঁরা লাইন ধরেই প্রবেশ করেন বাংলাদেশ প্যাভিলিয়নে। ক্রেতা-দর্শনার্থীদের বেশ কয়েকজন প্রথম আলোকে জানান, মেলায় প্রদর্শিত বাংলাদেশের সুন্দর সুন্দর পণ্যসামগ্রী দেখে তাঁরা মুগ্ধ হয়েছেন। তবে সবচেয়ে বেশি ভিড় দেখা যায় বাংলাদেশি মেলামাইন, খাবার-দাবার, জামদানি শাড়ি, হস্তশিল্প ও প্রসাধনী সামগ্রীর স্টলে।কলকাতার বাইপাস ও পার্ক সার্কাস কানেক্টরের সামনে মিলনমেলা ময়দানে গত ২৪ ডিসেম্বর শুরু হয় ২৩তম কলকাতা শিল্প ও বাণিজ্য মেলা, যা আজ রোববার শেষ হচ্ছে। এ মেলার উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান।কলাকাতা শিল্প ও বাণিজ্য মেলায় এবার ফোকাস কান্ট্রি করা হয় বাংলাদেশকে। যেখান থেকে ৪০টি শিল্পপ্রতিষ্ঠান যোগ দিয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো একমি এগ্রোভেট ও বেভারেজ, হক ব্রাদার্স, অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি, মৌসুমি ইন্ডাস্ট্রিজ, শরিফ মেলামাইন, ডায়মন্ড মেলামাইন, সোহাগ মেলামাইন, গ্রামীণ, নকশি, দীনা বাটিক, ফেয়ার ইন্টারন্যাশনাল, নৈবেদ্য, বেবিক্যাম্প, সিনথিয়া ইন্টারন্যাশনাল ও নুনাজ ইন্টারন্যাশনাল। এ ছাড়া বাংলাদেশের সিল্ক ও জামদানি শাড়ির বেশ কয়েকটি প্রতিষ্ঠান মেলায় যোগ দেয়। পশ্চিমবঙ্গ সরকার ও বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই) যৌথভাবে এ মেলার আয়োজন করে। এবারের মেলায় স্বাগতিক ভারত ও প্রতিবেশী বাংলাদেশ বিভিন্ন দেশের ৭৫০টি শিল্পপ্রতিষ্ঠান যোগ দেয়। মেলায় যোগ দেওয়া অন্যান্য দেশের মধ্যে রয়েছে চীন, পাকিস্তান, ভুটান, তুরস্ক, মিসর ও ভিয়েতনাম। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে নিযুক্ত বাণিজ্যসচিব মো. ওমর ফারুক প্রথম আলোকে জানান, এবারের মেলায় বাংলাদেশ ফোকাস কান্ট্রি হওয়ায় কলকাতাবাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ প্যাভিলিয়ন।বাংলাদেশ প্যাভিলিয়ন নির্মাণ করা হয়েছে ঢাকার আহ্ছান মঞ্জিলের সামনে সাভারের জাতীয় স্মৃতিসৌধের আদলে।