কলকাতার ঐতিহ্যবাহী শিল্প ও বাণিজ্য মেলায় এবারও উপচে পড়া ভিড় বাংলাদেশ প্যাভিলিয়নে। মেলায় কলকাতার মানুষজন আগ্রহভরে দেখছে বাংলাদেশি পণ্য। কিনছেও প্রচুর। ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই মেলা। শেষ হবে আগামী ২ জানুয়ারি। এবারের মেলায় বাংলাদেশের ৪৫টি শিল্পপ্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে যোগ দিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে আছে: দি একিম এগ্রোভেট অ্যান্ড বেভারেজ, মৌসুমী ইন্ডাস্ট্রিজ, প্রাণ, গ্লোব সফট ড্রিংকস, বাংলাদেশ জুট মিলস করপোরেশন, শরীফ মেলামাইন, ডায়মন্ড মেলামাইন, চিটাগাং ফ্যাশন, মিলেনিয়াম টেক্সটাইলস, বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ করপোরেশনসহ বিভিন্ন জামদানি ও হস্তশিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠান। একিমর রপ্তানি ব্যবস্থাপক ফজলে এলাহী শাহীন, গ্লোব সফট ড্রিংকসের ব্যবস্থাপক রাহিমুল ইসলাম ও মৌসুমী ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক মঞ্জুরুল আহসান প্রথম আলোকে জানান, মেলায় দারুণ সাড়া পাওয়া গেছে। ভারতের মানুষজন তাদের পণ্য দেখে প্রশংসা করছে। কিনছেও প্রচুর। কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনে নিযুক্ত বাণিজ্যসচিব ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘প্রচুর সাড়া পাওয়া গেছে বাংলাদেশি পণ্যের। রোববার তো মানুষের ঢল নেমেছিল। বিক্রিও হয়েছিল প্রচুর। গতকালও মানুষজন লাইন দিয়ে বাংলাদেশ প্যাভিলিয়নে ঢুকেছে। কিনেছে বাংলাদেশি পণ্য।’ এই শিল্প মেলার আয়োজক কলকাতার বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএনসিসিআই) এবং পশ্চিমবঙ্গ সরকার। মেলা প্রাঙ্গণে পাঁচ হাজার বর্গফুট জায়গাজুড়ে এবারের বাংলাদেশ প্যাভিলিয়ন নির্মাণ করা হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদের আদলে। আর এর রয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের একটি অনুকৃতি।