বাংলাদেশ ফান্ড, বাজার স্থিতিশীলকরণ তহবিল অকার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের ডিসেম্বরে দেশের শেয়ারবাজারে ভয়াবহ ধসের পরিপ্রেক্ষিতে বাজারে স্থিতিশীলতা ফেরাতে পাঁচ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ড, বাজার স্থিতিশীলকরণ তহবিলসহ বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু বাস্তবে ওই সব পদক্ষেপ কোনো কাজে আসেনি। তাই ওই সব পদক্ষেপকে ‘অকার্যকর’ বলে দাবি করেছে প্রবাসী বিনিয়োগকারীদের একটি সংগঠন। আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় প্রবাসী বিনিয়োগকারীদের সংগঠন ‘এনআরবি, ইউএস, এলএলসি’। এ ছাড়া বাজারে স্থিতিশীলতা ফেরাতে আটটি দাবি জানায় সংগঠনটি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের সভাপতি জসিম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র-প্রবাসী মাসুম মোহাম্মদ মহসীন ও বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী।লিখিত বক্তব্যে জসিম উদ্দিন বলেন, ১৯৯৬ সালে শেয়ারবাজার থেকে একটি চিহ্নিত চক্র ষড়যন্ত্র করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিঃস্ব করে বাজার থেকে প্রায় ৫০ হাজার কোটি টাকা হাতিয়ে নেয়। পরে ২০১০ সালে ডিসেম্বরে একই চক্র কারসাজি করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রায় ৮০ হাজার কোটি টাকা হাতিয়ে নেয়। কিন্তু এই চক্রের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ আজও চোখে পড়েনি।পুঁজিবাজার ধসের পর বাংলাদেশ ফান্ড, শেয়ারবাজার স্থিতিশীলকরণ তহবিলসহ বিভিন্ন তহবিল গঠনের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে ওই সব পদক্ষেপের কোনো সুফল বাজারে আসেনি। এরই পরিপ্রেক্ষিতে জনগণের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপগুলোর বাস্তবায়ন চায় সংগঠনটি।সংবাদ সম্মেলনে আট দফা দাবি পেশ করা হয়। এগুলোর মধ্যে রয়েছে: প্রবাসী বিনিয়োগকারীদের অনলাইনের মাধ্যমে বিদেশ থেকে বিও হিসাব ও এফসি হিসাব খোলা এবং শেয়ার লেনদেনের সুযোগ প্রদান; এফসি হিসাবের মাধ্যমে আনা বৈদেশিক মুদ্রা ফেরত নেওয়ার সুযোগ দেওয়া; প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য কোটা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা; শেয়ার ইস্যুকৃত কোম্পানির বাইব্যাক আইন শিগগিরই চালু করা; নতুন কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্তির কোনো লভ্যাংশ ঘোষণা না করে জেড ক্যাটাগরিতে নেমে যাওয়ার পথ বন্ধ করা; পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে পদ্মা সেতু, উড়াল রেলপথ, মেট্রোরেল, বিদ্যুত্ ও গ্যাস প্রকল্পগুলোতে প্রবাসীদের অন্তর্ভুক্তির মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার সুযোগ প্রদান; বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত একাধিক আইপিও ইস্যু বন্ধ রাখা; প্লেসমেন্টের মাধ্যমে উত্তোলিত অর্থ পুনরায় শেয়ারবাজারে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া প্রভৃতি