বাংলাদেশ ফান্ডসহ দুটি মিউচুয়াল ফান্ডের প্রস্তাবিকা অনুমোদন
পুঁজিবাজারে আরও দুটি মিউচুয়াল ফান্ড আসছে। গতকাল বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় ‘বাংলাদেশ ফান্ড’ ও ‘বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড’ নামের দুটির মিউচুয়াল ফান্ডের প্রস্তাবিকা (প্রসপেক্টাস) অনুমোদন করা হয়েছে। সভা শেষে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। সাইফুর রহমান আরও জানান, পাঁচ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ডের ইতিমধ্যে উদ্যোক্তা অংশ এক হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। এখন বাকি তিন হাজার ৫০০ কোটি সংগ্রহ করা যাবে। এ ছাড়া বাংলাদেশ ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডের আকার হবে ৫০০ কোটি টাকা। জানা গেছে, বাংলাদেশ ফান্ডের ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। আর প্রতি ৫০০ ইউনিট নিয়ে গঠিত হবে একটি বাজার-লট। এ হিসেবে প্রতি লটের দাম পড়বে এক লাখ টাকা। বাংলাদেশ ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। আর ৫০০ ইউনিট নিয়ে গঠিত হবে একটি বাজার-লট। ফান্ডটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১০ বছর।