বাংলাদেশ ফান্ডে সরাসরি বিনিয়োগ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা
বাংলাদেশ ফান্ডে এখন থেকে সরাসরি বিনিয়োগ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। অনিবাসী বিনিয়োগকারীদের টাকার ব্যাংক হিসাবের (নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট বা নিটা) মাধ্যমে এ বিনিয়োগ করা যাবে। একই সঙ্গে বিনিয়োগ প্রত্যাহারেরও সুযোগ পাবেন প্রবাসীরা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) গতকাল মঙ্গলবারের নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এসইসি জানিয়েছে, বাংলাদেশ ফান্ডের ব্যবস্থাপক ও রাষ্ট্রায়ত্ত সংস্থা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এ-সংক্রান্ত একটি আবেদন করে এসইসিতে। তাতে বাংলাদেশ ফান্ডের তথ্য বিবরণী বা প্রসপেক্টাসে উল্লিখিত অন্যান্য ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারী শ্রেণীতে অনিবাসীদের অন্তর্ভুক্তির আবেদন জানানো হয়। পুঁজিবাজারের সাম্প্রতিক ধসের প্রেক্ষাপটে ২০১১ সালের মে মাসে বাংলাদেশ ফান্ড নামে পাঁচ হাজার কোটি টাকার বেমেয়াদি বিশেষ মিউচুয়াল ফান্ড বা তহবিল গঠন করা হয়। তহবিলটির উদ্যোক্তাদের মধ্যে রয়েছে: আইসিবি, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, সাধারণ বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশন। তহবিলটি গঠনের পর প্রায় দেড় বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত তা পূর্ণাঙ্গ রূপ লাভ করেনি। এ ছাড়া কমিশনের গতকালের সভায় চারটি কমিটি গঠন করা হয়েছে। এগুলোর মধ্যে একটি কমিটি এনবিএল সিকিউরিটিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়টি অধিকতর তদন্ত করবে। সম্প্রতি এই সিকিউরিটিজ হাউসের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিনিয়োগকারীরা অভিযোগ করেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে এসব বিষয়ে তদন্ত করে এসইসিতে প্রতিবেদন জমা দেওয়া হয়। পরবর্তী সময়ে কমিশনের এনফোর্সমেন্ট বিভাগ থেকে এ বিষয়ে কমিশনে কার্যপত্র উপস্থাপন করা হয়। এরই ধারাবাহিকতায় কমিশন বিষয়টি অধিকতর তদন্তের জন্য দুই সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিকে এক মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পাবলিক ইস্যু রুলস ও রাইট ইস্যু রুলসের সংশোধনী এবং তাল্রিকাভুক্ত কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন-সংক্রান্ত গাইডলাইন তৈরির জন্য আলাদা তিনটি কমিটি গঠন করা হয়েছে। কমিশনের পরিচালক কামরুল আনাম খান ও প্রদীপ কুমার বসাকের সমন্বয়ে গঠন করা হয়েছে রাইট ইস্যু রুলস সংশোধনী কমিটি। পাবলিক ইস্যু রুলস সংশোধনী কমিটিতে রয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক এম হাছান মাহমুদ ও মোহাম্মদ রেজাউল করিম। সম্পদ পুনর্মূল্যায়নের গাইডলাইন তৈরিতে গঠিত কমিটিতে রয়েছেন এসইসির পরিচালক মাহবুবুল আলম ও আবুল কালাম। এই তিন কমিটিকেই এক মাসের মধ্যে তাদের সুপারিশ কমিশনে জমা দিতে বলা হয়েছে।