বাংলাদেশ ফান্ডের অনুমোদন
পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে পাঁচ হাজার কোটি টাকার ‘বাংলাদেশ ফান্ড’ নামে একটি ওপেন এন্ড মিউচুয়াল ফান্ডের অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ সোমবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, আজ কমিশনের নিয়মিত সভায় বাংলাদেশ ফান্ডের ট্রাস্ট চুক্তি ও ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট চুক্তি অনুমোদন করা হয়েছে। ফান্ডটির আকার হবে পাঁচ হাজার কোটি টাকা। এ ক্ষেত্রে উদ্যোক্তার অংশ এক হাজার ৫০০ কোটি টাকা দেবে। বাকি তিন হাজার ৫০০ কোটি টাকা জনগণের কাছ থেকে সংগ্রহ করা হবে। এর প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০০ টাকা। তবে ফান্ডটি ওপেন এন্ড হওয়ায় এর কোনো সীমা থাকবে না।এ ছাড়া কমিশন ফান্ডটির ট্রাস্টি ও কাস্টোডিয়ান হিসেবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে অনুমোদন দিয়েছে। এ ক্ষেত্রে সাব-রেজিস্ট্রারের অফিস থেকে রেজিস্ট্রেশন করে কাগজপত্র এসইসিতে জমা দিতে হবে।ফান্ডটির উদ্যোক্তা হিসেবে কাজ করছে সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এ ছাড়া সহ-উদ্যোক্তা হিসেবে রয়েছে চার রাষ্ট্রায়ত্ত ব্যাংক (সোনালী, অগ্রণী, রূপালী ও জনতা), বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল), জীবন বীমা করপোরেশন ও জীবন বীমা করপোরেশন। এ ছাড়া অ্যাসেট ম্যানেজার হিসেবে রয়েছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।এ দিকে ফান্ডটির উদ্যোক্তাদের পক্ষ থেকে ৫০ শতাংশ মুদ্রাবাজারে এবং ৫০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগের ব্যাপারে আবেদন করা হলেও কমিশন ৭৫ শতাংশ পুঁজিবাজারে এবং বাকি ২৫ শতাংশ অন্য খাতে বিনিয়োগের অনুমোদন দিয়েছে।এ ছাড়া ফান্ডটির নিবন্ধন ফি ও বার্ষিক ফি বাবদ ৫০ হাজার টাকা করে উভয় ক্ষেত্রে দিতে চাইলে এসইসি নিয়ম অনুযায়ী মোট ফান্ডের ০.২০ শতাংশ অর্থাত্ ১০ কোটি টাকা নিবন্ধন ফি ও বার্ষিক ফি বাবদ ০.১০ শতাংশ বা পাঁচ কোটি টাকা জমা দিতে হবে।এদিকে সরকারি শেয়ারেবাজারে আসার সময় ১০ শতাংশ শেয়ার অভিহিত মূল্যে ফান্ডটিতে বরাদ্দ চাওয়া হয়েছিল। এসইসি বলছে, এ ব্যাপারে সরকারের সিদ্ধান্ত লাগবে। এ ছাড়া অন্য আইপিও আসার ক্ষেত্রে ৫ শতাংশ ফান্ডকে দেওয়ার ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে হবে বলে এসইসি মত দিয়েছে।ফান্ডটি অনুমোদনের জন্য গত ২৯ মার্চ এসইসিতে আবেদন জমা দেওয়া হয়।উল্লেখ্য, পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো একটি যৌথ তহবিল গঠনের উদ্যোগ নেয়। কয়েক দফা আলোচনার পর গত ৬ মার্চ ‘বাংলাদেশ ফান্ড’ নামে পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠনের বিষয়টি চূড়ান্ত করা হয়।