বাংলাদেশ ফান্ডের ইউনিট বিক্রি শুরু ১০ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে আলোচিত বাংলাদেশ ফান্ডের ইউনিট বিক্রি কার্যক্রম আরও এক সপ্তাহ পেছানো হয়েছে। এর আগে ফান্ডটির মূল উদ্যোক্তা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) আজ রোববার আনুষ্ঠানিকভাবে ইউনিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা পিছিয়ে ১০ অক্টোবর করা হয়েছে। আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান এ তথ্য জানিয়েছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘দেশীয় বিনিয়োগকারীসহ প্রবাসী বাংলাদেশিদের ফান্ডটিতে বিনিয়োগে আকৃষ্ট করতে একজন বিশিষ্ট ব্যক্তিকে দিয়ে ইউনিট বিক্রি কার্যক্রমের উদ্বোধন করতে চাইছি। তাই একটু দেরি হচ্ছে। আশা করি, ১০ অক্টোবর এ কার্যক্রম শুরু করতে পারব।’পুঁজিবাজারে সাম্প্রতিক ধসের পরিপ্রেক্ষিতে বাজার স্থিতিশীল করার লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত আটটি প্রতিষ্ঠান মিলে পাঁচ হাজার কোটি টাকার ‘বাংলাদেশ ফান্ড’ নামের একটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ড গঠন করে। এটির মূল উদ্যোক্তা আইসিবি। বাকি সাত উদ্যোক্তা প্রতিষ্ঠান হলো রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক (সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা), জীবন বীমা করপোরেশন, সাধারণ বীমা করপোরেশন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)।ফান্ডটির উদ্যোক্তা অংশের দেড় হাজার কোটি টাকা এরই মধ্যে সংগ্রহ করা হয়ে গেছে। বাকি সাড়ে তিন হাজার কোটি টাকা সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে ইউনিট বিক্রির মাধ্যমে সংগ্রহ করা হবে।