এমসিসিআইয়ে মতবিনিময় অনুষ্ঠানে সিঙ্গাপুরের মন্ত্রী
বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য একটি উৎকৃষ্ট জায়গা
সারা বিশ্বের উদ্যোক্তারা এখন বিনিয়োগের জন্য এমন এক জায়গা খুঁজছেন, যেখানে পণ্যের উৎপাদনখরচ তুলনামূলকভাবে অনেক কম পড়বে। তেমনই একটি উৎকৃষ্ট জায়গা হতে পারে বাংলাদেশ। সেই সম্ভাবনাও রয়েছে এ দেশের। বাংলাদেশ সফররত সিঙ্গাপুরের স্বরাষ্ট্র ও পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী জুলকিফলি মাসাগোস গতকাল মঙ্গলবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। তিনি বলেন, ‘একসময় বিনিয়োগের জন্য চীন ছিল সবার পছন্দের জায়গা। কিন্তু সেখানে এখন উৎপাদনখরচ অনেক বেড়ে গেছে। তাই পুরো বিশ্ব এখন বিনিয়োগের জন্য এমন জায়গা খুঁজছে, যেখানে উৎপাদনখরচ কম।’ মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসিসিআইয়ের সভাপতি আমজাদ খান চৌধুরী। এতে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, এমসিসিআইয়ের সাবেক সভাপতি আনিস উদ্ দৌলা, স্কয়ার কনজিউমার প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, এ কে খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন কাশেম খান, সিটি ব্রোকারেজের ব্যবস্থাপনা পরিচালক আসাদুল ইসলাম, আমরা টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ আহমেদ প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন এমসিসিআইয়ের সহসভাপতি নিহাদ কবীর।এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত চান হ্যাং উইন, কনস্যুল লাউ কাই মুনসহ একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল। সিঙ্গাপুরের প্রতিমন্ত্রী বলেন, ‘দুই দেশের মধ্যেকার বাণিজ্যের ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। এই সফরে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি, যা পারস্পরিক সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখবে।’ তিনি ব্যবসা-বাণিজ্যের জন্য বাংলাদেশকে খুবই ভালো জায়গা বলে অভিমত দেন।জুলকিফলি মাসাগোস বলেন, সিঙ্গাপুর এখন পণ্য উৎপাদন খাতে বিশেষ নজর দিচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও সিঙ্গাপুরে এই খাতে বিনিয়োগ করতে পারে। এ ছাড়া সিঙ্গাপুরে শ্রমশক্তিরও যথেষ্ট অভাব রয়েছে। পাশাপাশি খাদ্য খাতে সিঙ্গাপুরে বাংলাদেশিদের বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। বর্তমানে সিঙ্গাপুরে খাদ্যের যে চাহিদা রয়েছে, তার ৯০ শতাংশই ব্রাজিল থেকে আমদানি করা হয়। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-সম্পর্ক উন্নয়নে ভিসা পদ্ধতি সহজতর করার বিষয়ে জোর দেন সিঙ্গাপুরের প্রতিমন্ত্রী। এমসিসিআইয়ের সভাপতি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সিঙ্গাপুর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্য-সহযোগী দেশে পরিণত হয়েছে। ২০১১-১২ অর্থবছরে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ ১৭০ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে। এর বিপরীতে রপ্তানি করেছে প্রায় ১৮ কোটি মার্কিন ডলারের পণ্য। আমজাদ খান চৌধুরী আরও বলেন, সিঙ্গাপুরের ব্যবসায়ীদের জন্য এ দেশে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। বস্ত্র, চামড়া, তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, কৃষিভিত্তিক শিল্প, অবকাঠামো, আবাসনসহ বিভিন্ন খাতে সিঙ্গাপুরের ব্যবসায়ীরা এ দেশে বিনিয়োগ করতে পারেন। মাহবুবুর রহমান বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিপুল সম্ভাবনা থাকলেও আমরা সেভাবে সিঙ্গাপুরের বিনিয়োগ আকৃষ্ট করতে পারিনি।’সিঙ্গাপুরে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের লিয়াজোঁ কার্যালয় খোলার প্রক্রিয়াকে আরও সহজতর করার জন্য জুলকিফলির প্রতি আহ্বান জানান আইসিসি সভাপতি। অঞ্জন চৌধুরী বলেন, মানবসম্পদের দক্ষতা বাড়াতে সিঙ্গাপুর ও বাংলাদেশ সরকারকে যৌথ কাজের ক্ষেত্রগুলো অনুসন্ধান করতে হবে। ফরহাদ আহমেদ বলেন, ‘বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতের আউটসোর্সিংয়ে সিঙ্গাপুরের বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। কারণ, এ খাতে আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে সিঙ্গাপুর।’ আসাদুল ইসলাম বলেন, দুই দেশের মধ্যে যে বাণিজ্য-ঘাটতি রয়েছে, সেটি কমানো দরকার। এ জন্য দুই দেশের সরকারি পর্যায়ে নিবিড় যোগাযোগ স্থাপন করতে হবে। সরকারি পর্যায়ের যোগাযোগ ছাড়া বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব নয়। নিহাদ কবীর বলেন, দুই দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা সমাধানে সরকারি পর্যায়ের নিবিড় যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ দেশে স্বাস্থ্য, আবাসন ও শিক্ষা খাতে সিঙ্গাপুরের বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে।এ ছাড়া মতবিনিময়ে অংশগ্রহণকারী স্থানীয় ব্যবসায়ী নেতারা মানবসম্পদ উন্নয়নে সিঙ্গাপুরের সহযোগিতা কামনা করেন।