বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক, বস্ত্র, পাদুকা ও চামড়াজাত পণ্য খাতে বিনিয়োগের জন্য বাংলাদেশ উপযুক্ত স্থান বলে মনে করে হংকং ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিল (এইচকেটিডিসি)।
সংস্থাটির দক্ষিণ এশিয়া ও ভারত অঞ্চলের পরিচালক ড্যানি চিউ গ্যাম এ কথা বলেছেন। ‘হংকং: এশিয়ার বাণিজ্যের প্রাণকেন্দ্র’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। এ সময় তিনি হংকংয়ের এসব খাত-সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ব্যবসা বাংলাদেশে স্থানান্তরের পরামর্শও দেন।
রাজধানীর একটি হোটেলে গত মঙ্গলবার সন্ধ্যায় যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং এইচকেটিডিসি। ঢাকা চেম্বার থেকে গতকাল বুধবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সেমিনারের প্রধান অতিথি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য উপযুক্ত বাজার খোঁজা এবং পণ্য সরবরাহব্যবস্থা নিশ্চিত করতে ঢাকা চেম্বার ও এইচকেটিডিসি একসঙ্গে কাজ করতে পারে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় হংকং ও চীনের ব্যবসায়ীদের বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
সেমিনারে সভাপতিত্ব করেন ডিসিসিআইয়ের সভাপতি হোসেন খালেদ। তিনি হংকংয়ের ব্যবসায়ীদের এ দেশ থেকে আরও বেশি পরিমাণে নিট পোশাক, বস্ত্র, হিমায়িত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য আমদানির আহ্বান জানান। একই সঙ্গে তিনি এ দেশের তৈরি পোশাক, কৃষি ও কৃষিজাত পণ্য, হিমাগার, জাহাজ নির্মাণ এবং তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানান।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু বলেন, সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় সুবিধা দিচ্ছে। এসব সুযোগ কাজে লাগিয়ে হংকংয়ের ব্যবসায়ীরা এ দেশে বিনিয়োগ করতে পারেন। এ বিষয়ে ইপিবি সব ধরনের সহযোগিতা দেবে।
সেমিনারে এইচকেটিডিসির পরামর্শক রাজেস ভাগত, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম প্রমুখ বক্তব্য দেন।