বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত জায়গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন, ভারত ও আসিয়ানভুক্ত অন্য দেশগুলোর মতো বড় বড় বাজার বাংলাদেশের আশপাশেই আছে। এ ছাড়া বাংলাদেশেই আছে বিশাল ভোক্তাবাজার। বাংলাদেশের আইনি কাঠামোও বিনিয়োগের জন্য সহায়ক।বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীরা এই মন্তব্য করে এ দেশে বিনিয়োগের জন্য কানাডার ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, কানাডা চাইলে এ দেশে খাদ্য, তৈরি পোশাক, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, তথ্যপ্রযুক্তি, নির্মাণশিল্প, টেলিযোগাযোগ, ডেইরি ও পর্যটন খাতে বিনিয়োগ করতে পারে।রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার ‘বাংলাদেশে ব্যবসা উন্নয়নে সুযোগ’ শীর্ষক সেমিনারে এ আহ্বান জানানো হয়। কানাডা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ক্যানচেম) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। রাজধানীতে দুই দিনব্যাপী কানাডা শোকেস এবং কানাডার একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের এ দেশে সফর উপলক্ষে এ সেমিনার আয়োজন করা হয়। ঢাকা চেম্বার থেকে গতকাল পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।সেমিনারের সভাপতিত্বকালে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশে বিদেশি উদ্যোক্তাদের সরাসরি বিনিয়োগ ও বাণিজ্যের প্রয়োজন রয়েছে। তিনি কানাডায় বাংলাদেশি রপ্তানি পণ্যের বহুমুখীকরণের ওপর জোর দেন।মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি আমজাদ খান চৌধুরী বলেন, এ দেশের দক্ষ ও প্রতিযোগী শ্রমসুবিধা গ্রহণ করে কানাডার ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করতে পারেন। বিশেষ করে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ ও ডেইরি খাতে বিনিয়োগ তাদের জন্য লাভজনক হবে।আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি আফতাব উল ইসলাম বলেন, ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছে। এ দেশ চীন, ভারত এবং অন্য আসিয়ানভুক্ত দেশগুলোর মতো বড় অর্থনৈতিক বাজারে ঘেরা। তিনি কানাডার ব্যবসায়ীদের এ দেশে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে বিনিয়োগের সুযোগ নেওয়ার আহ্বান জানান।ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, কানাডা সরকারের দেওয়া জিএসপি সুবিধা গ্রহণ করতে বাংলাদেশি পণ্যের বহুমুখীকরণ খুবই প্রয়োজন।আসিফ ইব্রাহীম আরও বলেন, কানাডার ব্যবসায়ীরা এ দেশে শ্রমঘন শিল্প স্থাপনের ক্ষেত্রে প্রশিক্ষণযোগ্য উদ্যমী ও প্রতিযোগী শ্রম কাজে লাগাতে পারে। কানাডার ব্যবসায়ীদের শতভাগ মালিকানাধীন শিল্প কিংবা যৌথ মালিকানায় বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।স্বাগত বক্তব্যে ক্যানচেমের সভাপতি মাসুদ রহমান বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ক্রমেই বাড়ছে। আর বাণিজ্য ভারসাম্য এখনো বাংলাদেশের অনুকূলেই রয়েছে। কানাডার সাসকাচুয়ান চেম্বার অব কমার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ ম্যাকলেলান বলেন, কৃষি, প্রযুক্তি এবং নগরায়ণের ক্ষেত্রে বাংলাদেশ কানাডার অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। দুই দেশের ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেন তিনি।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে সেন্টার ফর পলিসি ডায়ালগের জ্যেষ্ঠ গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ যেকোনো বিদেশি বিনিয়োগকারীর জন্য উপযোগী। এ দেশে খাদ্য, তৈরি পোশাক, কৃষি ও কৃষিজাত পণ্য, তথ্যপ্রযুক্তি, নির্মাণশিল্প ও পর্যটন খাত কানাডার ব্যবসায়ীদের জন্য বিনিয়োগ করার উপযুক্ত ক্ষেত্র বলেও উল্লেখ করেন তিনি।