আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় অংশ বাংলাদেশের পক্ষে নিয়ে আসা সম্ভব। এ জন্য বাংলাদেশকে উন্নত পরিবহনব্যবস্থা, নির্ভরযোগ্য জ্বালানি সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্যের শর্ত প্রতিপালন, সর্বোচ্চ পর্যায়ের স্বচ্ছতা নিশ্চিত করা এবং নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার মতো বিষয়গুলো অর্জন করতে হবে।
বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক জোহানেস জাট এমন মন্তব্য করেছেন। ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) মধ্যাহ্নভোজ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশের প্রশংসা করে জোহানেস জাট বলেন, স্বাধীনতার পর মানব ও সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। ৪৩ বছর পর বাংলাদেশ এখন অনেক দিক থেকে ভারতের চেয়ে এগিয়ে। যদিও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দিক থেকে বাংলাদেশ পিছিয়ে আছে।
এ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে বিশ্বব্যাংকের এই শীর্ষ কর্মকর্তা বলেন, প্রতি দশকে বাংলাদেশে ১ শতাংশ হারে জিডিপির প্রবৃদ্ধি বেড়েছে। বন্যা, বৈশ্বিক মন্দা, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট সত্ত্বেও ধারাবাহিকভাবে বাংলাদেশ প্রবৃদ্ধি করে আসছে।
বিশ্বব্যাংকের এই কর্মকর্তা বলেন, বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে ১০ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে। এ জন্য জিডিপির ৩৩ থেকে ৩৫ শতাংশ যোগাযোগ ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে হবে। কিন্তু বাংলাদেশে এই বিনিয়োগ এখন ২৮ থেকে ২৯ শতাংশ। বাংলাদেশকে এই বিনিয়োগ বাড়াতে হবে। যদিও এ দেশের জন্য তা বেশ কষ্টসাধ্য।
এ দেশের জ্বালানি খাত প্রসঙ্গে জোহানেস জাট বলেন, বাংলাদেশের ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে। কিন্তু উৎপাদন হয় সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার মেগাওয়াট। এ দেশের মানুষ ও শিল্পকারখানার তুলনায় এটি খুব বেশি না। বাংলাদেশের মধ্যম আয়ের দেশে উত্তরণের জন্যও এই বিদ্যুৎ পর্যাপ্ত না।
ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানকে নিয়ে একটি আঞ্চলিক বিদ্যুৎ অঞ্চল (রিজিওনাল পাওয়ার পুল) গড়ে তোলার পরামর্শ দিয়েছেন জোহানেস জাট। তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশ বিদ্যুৎ আনছে। একইভাবে নেপাল ও ভুটান থেকেও বিদ্যুৎ আমদানি করতে পারে। এসবের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার উত্তর-পূর্ব এই অংশে আঞ্চলিক বিদ্যুৎ অঞ্চল গড়ে তোলা সম্ভব। আর এ ব্যবস্থা যদি কাজ করে, তাহলে শক্তিশালী দক্ষিণ এশিয়ার গঠনের চালিকাশক্তি হিসেবে তা কাজ করবে।
মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে যোগাযোগ ও পরিবহনব্যবস্থা আরও উন্নত করতে হবে মন্তব্য করে জোহানেস জাট বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বাণিজ্যিক পণ্য পরিবহনের জন্য খুবই অপ্রতুল। আমদানি-রপ্তানি বাণিজ্য বাড়াতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর পরামর্শ দেন তিনি।
বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় এ দেশের রাজনীতিকে প্রধান সমস্যা হিসেবে তুলে ধরেন জোহানেস জাট। তিনি বলেন, সাংঘর্ষিক রাজনীতির কারণে দীর্ঘমেয়াদি কোনো পদক্ষেপ নেওয়া মুশকিল হয়ে দাঁড়ায়।
সুশাসনের পথে দুর্নীতিকেও বাধা হিসেবে উল্লেখ করে জোহানেস জাট বলেন, অন্যান্য উন্নয়নশীল দেশের মতোই বাংলাদেশেও দুর্নীতি রয়েছে। তবে এখানে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতেও দুর্নীতি হচ্ছে।
বাংলাদেশ, নেপাল ও ভুটানে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ভারতের কোনো প্রভাব বিশ্বব্যাংকের ওপর পড়ে কি না, এমন প্রশ্নের জবাবে জোহানেস জাট বলেন, কোনো প্রভাব পড়ে না। একইভাবে বাংলাদেশ সরকারের ওপর বিশ্বব্যাংক প্রভাব বিস্তার করে কি না-সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের ওপর আমাদের কোনো প্রভাব নেই। আমরা বিভিন্ন নীতিগত বিষয়ে সরকারের সঙ্গে কাজ করি।’
সভায় এফআইসিসিআইয়ের সভাপতি রূপালী চৌধুরী বলেন, ‘আমাদের সদস্যসংখ্যা কম, ২০০-এর মতো। তবে কর-শুল্ক মিলিয়ে আমরা সরকারকে মোট রাজস্ব আয়ের ৩০ শতাংশ দিই। কারণ, টেলিযোগাযোগসহ বড় বড় বিদেশি বহুজাতিক প্রতিষ্ঠান আমাদের সদস্য।’
সভায় সংগঠনের সহসভাপতি জেফরিস্ট্রং, নির্বাহী পরিচালক জামিল ওসমান প্রমুখ বক্তব্য দেন।