বাংলাদেশ বিশ্বে আলু উৎপাদনে নবম স্থানে

আলু উৎপাদনে বাংলাদেশ বর্তমানে বিশ্বে নবম ও এশিয়ায় তৃতীয় অবস্থানে রয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগের (ডিএই) মহাপরিচালক এ জেড এম মমতাজুল করিম রংপুরে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন। খবর বাসসের।
‘সহকারী কৃষি কর্মকর্তাদের (এসএএওএস) মাধ্যমে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরে কৃষকদের প্রশিক্ষণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্প’-এর আওতায় বুড়িরহাট হর্টিকালচার সেন্টারে গত মঙ্গলবার প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করা হয়। প্রকল্প পরিচালক তোসাদ্দেক হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কর্মশালায় ডিএইর হর্টিকালচার শাখার পরিচালক সুনীল চন্দ্র ধর, ডিএইর রংপুরের আঞ্চলিক অতিরিক্ত পরিচালক প্রতীপ কুমার মণ্ডল ও ডিএই ইন্টিগ্রেটেড এগ্রিকালচার প্রোডাক্টিভিটি (আইএপিপি) প্রকল্প সমন্বয়ক আরিফ হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এতে কৃষি তথ্যসেবা ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা অংশ নেন।
মমতাজুল করিম বলেন, বাংলাদেশে আলু লাভজনক শস্যে পরিণত হয়েছে। এখানে কৃষকেরা উন্নত মানের ও বিভিন্ন স্বাদের আলু উৎপাদন করছেন।
মমতাজুল করিম আরও জানান, বাংলাদেশ গত বছর উন্নত মানের আলু রাশিয়া, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন, নেপাল ও অন্যান্য দেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করেছে। এতে দেশ অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে।