বাংলাদেশ ব্যাংক এসএমই উদ্যোক্তা খুঁজছে
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশে বাংলাদেশ ব্যাংক বিশেষ উদ্যোগ নিয়েছে। এর আওতায় দেশের বিভিন্ন এলাকার সম্ভাবনাময় ক্ষুদ্র উদ্যোক্তাদের খুঁজে বের করে ব্যাংকঋণ দেওয়া হবে।
এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা সরাসরি এলাকা নির্বাচনের কাজ শুরু করেছেন। ওই সব এলাকায় যেসব ব্যাংকের শাখা, সেগুলোর এসএমই কর্মকর্তাদেরও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রথম পর্যায়ে ঢাকার কেরানীগঞ্জের হালকা প্রকৌশল শিল্পের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ৩২টি বাণিজ্যিক ব্যাংকের এসএমই কর্মকর্তাদের নিয়ে একটি সভা করেছে। খবর বাসসের।
কেন্দ্রীয় ব্যাংক প্রথমেই দেশি-বিদেশি মেশিনারিজ বা যন্ত্রপাতির ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির জন্য প্রসিদ্ধ কেরানীগঞ্জে ক্ষুদ্র উদ্যোক্তা খুঁজে বের করার কাজ শুরু করেছে। একই সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোকেও একই কাজ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, কেরানীগঞ্জে ক্ষুদ্র যন্ত্রাংশের পাশাপাশি হাঁড়ি-পাতিল, দা-বঁটি, কাঁসা-পিতল, নাট-বল্টু, ছুরি-চাকু, কুড়াল, ঢেউটিন, স্টিলের ফার্নিচার, জুতা-স্যান্ডেল ইত্যাদি তৈরি হয়।