বাংলাদেশ ব্যাংককে দায়ী করল আরসিবিসি
রিজার্ভ থেকে বাংলাদেশের অর্থ চুরির ঘটনায় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক দায়ী বলে দাবি করেছে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি)।
চলতি সপ্তাহে এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জড়িত ছিলেন বলে জানায় অপরাধ তদন্ত সংস্থা সিআইডি। এরপরই এমন বক্তব্য দিল ম্যানিলাভিত্তিক ব্যাংকটি। গতকাল মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ৮ ফেব্রুয়ারি নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেয় সাইবার অপরাধীরা। এই অর্থ ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের পাঁচটি হিসাব দিয়ে চলে যায় দেশটির ক্যাসিনোতে ( জুয়া খেলার স্থান)। সে সময় এই হ্যাকিং ঠেকাতে বাংলাদেশ ব্যাংক থেকে বার্তা পাঠানো হলেও ফিলিপাইনের ব্যাংকটি তা আমলে না নিয়ে অর্থ ছাড় করে। বাংলাদেশ এই অভিযোগে আরসিবিসির কাছে ক্ষতিপূরণ চায়।
তবে আরসিবিসি মনে করে তারা কোনো অন্যায় করেনি।
ব্যাংকটির আইনজীবী থিয়ে দায়েপ গতকাল মঙ্গলবার রয়টার্সকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার ইচ্ছাকৃত অবহেলার কথা প্রকাশ করেছে বাংলাদেশের তদন্ত সংস্থা, আরসিবিসি এত দিন এটাই বলে আসছিল। বাংলাদেশ ব্যাংকের নিজেদের কৃতকর্মের কারণে তাদের অর্থ হারিয়েছে। তারা (বাংলাদেশ) এ ঘটনার দায় আরসিবিসির ওপর চাপাতে পারে না।’ তিনি জানান, অভিযোগ তোলায় বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মামলা করা যায় কি না, এ নিয়ে ভাবছে আরসিবিসি।
রিজার্ভ চুরির ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে এখন পর্যন্ত দেড় কোটি ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ। এ ছাড়া এ ঘটনায় রিজাল ব্যাংককে ২০ কোটি ডলার জরিমানা করে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক। জরিমানা পরিশোধ করলেও বাংলাদেশকে বাকি অর্থ দিতে নারাজ ব্যাংকটি।