বাংলাদেশ ব্যাংক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক খাতে স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে চায় বাংলাদেশ ব্যাংক। এটাই আগামী পাঁচ বছরের অন্যতম প্রধান কাজ। এ জন্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
এক সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের আগামী পাঁচ বছরের পরিকল্পনা তুলে ধরা হয়। একই সঙ্গে গত পাঁচ বছরের কর্মপরিকল্পনার অর্জনগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লাহ মালিক কাজেমী, ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান, এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানা, পরামর্শক গ্লেন টাস্কি প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাহী পরিচালক আহসান উল্লাহ গত পাঁচ বছরের পরিকল্পনার অর্জন তুলে ধরার পাশাপাশি আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনার আভাস দেন।
৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে বাংলাদেশ ব্যাংক ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ের কর্মপরিকল্পনা তৈরির জন্য সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।