বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার থেকে নতুন নোট ছাড়বে
ঈদের আনন্দকে বাড়তি মাত্রা দিতে প্রতিবছরের মতো এবারও নতুন টাকার নোট বাজারে ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ছাড়াও ১৯টি বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখার মাধ্যমে এসব নোট বাজারে ছাড়া হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার নতুন নোট বাজারে ছাড়া শুরু হবে, চলবে ৪ জুলাই পর্যন্ত। ঈদ সামনে রেখে এবার ১৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি চলছে। পাশাপাশি ২০ হাজার কোটি টাকার পুরোনো নোটও (রি-ইস্যু) বাজারে ছাড়ার প্রস্তুতি রয়েছে। বৃহস্পতিবার থেকে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংক লেনদেন চলাকালে নির্ধারিত ব্যাংক ও শাখা থেকে নতুন নোট সংগ্রহ করা যাবে। তবে নতুন নোট নেওয়ার সময় গ্রাহকের আঙুলের ছাপ নেবে ব্যাংকগুলো। একজন গ্রাহক একবারে ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা এবং ৫০ টাকার বান্ডিলের একটি প্যাকেটে মোট ৮ হাজার ৭০০ টাকা সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের রাজধানীর মতিঝিল প্রধান কার্যালয়ের তিনটি কাউন্টার থেকেও নতুন নোট সংগ্রহ করা যাবে। এ ছাড়া ঢাকার বাইরে অবস্থিত কেন্দ্রীয় ব্যাংকের সব শাখা অফিসে বিশেষ কাউন্টার থেকে নতুন নোট ছাড়া হবে।