বিআইবিএমের ‘রিসার্চ অ্যালমানাক’ সেমিনারে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ
বাংলাদেশ ব্যাংককে আরও সাহসী হতে হবে
ব্যাংক ও আর্থিক খাতের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতা আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তদন্তে অনিয়মের অনেক তথ্য বের হয়ে আসছে। কিন্তু তদন্তে যে মাত্রার শাস্তির সুপারিশ করা হয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে আরও সাহসী হতে হবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ‘রিসার্চ অ্যালমানাক’ শীর্ষক এক সেমিনারে গতকাল বৃহস্পতিবার এসব কথা বলেন ইব্রাহিম খালেদ। গত এক বছরে প্রতিষ্ঠানটির গবেষকদের তৈরি ১০টি গবেষণা প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরা হয় এ অনুষ্ঠানে। বিআইবিএম মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান। বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক প্রশান্ত কুমার ব্যানার্জি।
সেমিনারে ব্যাংক গ্রাহকের মনোভাব ও আচরণ-সম্পর্কিত এক গবেষণায় বলা হয়, একটি ব্যাংক দেউলিয়া হয়ে গেলে আমানতকারীদের সুরক্ষায় এক লাখ টাকা পর্যন্ত বিমা সুবিধা থাকার বিষয়টি ৯৮ শতাংশ গ্রাহকই জানেন না। তবে ৫২ শতাংশ আমানতকারী মনে করেন, ব্যাংকের আর্থিক অবস্থা খারাপের দিকে গেলে তা তাঁদের আমানতের জন্য খুব ঝুঁকিপূর্ণ। ব্যাংকের অনিয়মের বিষয়ে আর্থিক জরিমানা ও শাস্তি আরোপে কেন্দ্রীয় ব্যাংককে আরও কঠোর হওয়ার পরামর্শও রয়েছে প্রতিবেদনে।
এইচ বি এম ইকবালের মালিকানাধীন প্রিমিয়ার ব্যাংকের উদাহরণ দিয়ে ইব্রাহিম খালেদ বলেন, অনেক অনিয়ম করে এই ব্যাংকে একজন পরিচালক ছিলেন। সেটি বাংলাদেশ ব্যাংকের তদন্তে ধরাও পড়েছে। অনিয়মের কারণে বেসরকারি ব্যাংকের একজন পরিচালককে সরিয়ে দিতে কোনো সমস্যা থাকার কথা নয়। তারপরও কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। এসব ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে সাহস (গাটস) দেখাতে হবে।
প্রধান অতিথি আবু হেনা মো. রাজী হাসান বলেন, ব্যাংক খাতের নজরদারি কার্যক্রম সমন্বয় করতে বাংলাদেশ ব্যাংক একটি আলাদা বিভাগ খোলা হয়েছে। ব্যাংকের পরিদর্শন কার্যক্রম আরও কার্যকর করতে এখন আগেই একটি পূর্ব পরিদর্শন প্রতিবেদন প্রস্তুত করা হয়। এর ফলে যেসব জায়গায় অনিয়মের আশঙ্কা থাকে, সেখানে বেশি গুরুত্ব দেওয়া সম্ভব হচ্ছে। কোনো ব্যাংক ভুল তথ্য দিলে তাদের জরিমানা করার পরিকল্পনাও বাংলাদেশ ব্যাংকের রয়েছে।
গবেষণার বিষয়ে খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, বাংলাদেশ ব্যাংকের একটি আলাদা বিভাগ থাকা দরকার, যারা ব্যাংক খাত নিয়ে বাইরে যেসব গবেষণা হয় সেগুলো সংগ্রহ, বিশ্লেষণ করবে। প্রয়োজনে দলগত আলোচনার আয়োজনও করা যেতে পারে। বিভিন্ন বিষয়ে যেসব গবেষণা হচ্ছে, সেগুলো বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয় করা হলে কার্যকর ফলাফল পাওয়া সম্ভব।
মোবাইল ব্যাংকিংয়ের সমালোচনা করে ইব্রাহিম খালেদ বলেন, এর মাধ্যমে অনিয়ম হচ্ছে, ব্যাংক খাতের বাইরে বড় অঙ্কের অর্থ লেনদেন হচ্ছে। মোবাইল ব্যাংকিংয়ের বিকল্প পদ্ধতি বের করতে পারলে এসব অনিয়ম বন্ধ হবে।
চলতি অর্থবছরের প্রথম আট মাসে প্রবাসী আয় বা রেমিট্যান্স ১৭ শতাংশ কমে যাওয়ার বিষয়ে আবু হেনা মো. রাজী হাসান বলেন, রেমিট্যান্স কমে যাওয়ার কারণ খুঁজতে বাংলাদেশ ব্যাংক একটি শক্তিশালী গবেষণা দল গঠন করেছে। এই গবেষণায় রেমিট্যান্স কমে যাওয়ার বেশ কিছু কারণ ইতিমধ্যে খুঁজে পাওয়া গেছে। এসব কারণ ধরে রেমিট্যান্স বাড়াতে ব্যবস্থা নেওয়া হবে।
বিআইবিএমের সাবেক চেয়ার অধ্যাপক এস এ চৌধুরী বলেন, ব্যাংকগুলোর প্রশিক্ষণ ইনস্টিটিউটের অবস্থা খুব খারাপ, এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে বিনিয়োগ বাড়াতে হবে।