নতুন প্রজন্মের এনআরবি কমার্শিয়াল ব্যাংকের অনিয়মের বিষয়ে বাংলাদেশ ব্যাংককে পরামর্শ দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ব্যাংকটির বিষয়ে অর্থমন্ত্রীর কাছে সারসংক্ষেপ তুলে ধরা হলে অর্থমন্ত্রী এমন মতামত দেওয়ার কথা জানিয়েছেন।
অর্থমন্ত্রী ওই সারসংক্ষেপে উল্লেখ করেছেন, ‘আমি এ বিষয়ে গভর্নর বাংলাদেশ ব্যাংককে আমার পরামর্শ দিয়ে চিঠি পাঠাচ্ছি।’
সারসংক্ষেপে উল্লেখ করা হয়, ব্যাংকটির উদ্যোক্তা শেয়ারহোল্ডার গোলাম রব্বানী অর্থমন্ত্রীর কাছে একটি অভিযোগ দিয়েছেন। এতে বলা হয়েছে, ব্যাংকটির চেয়ারম্যান ফরাছত আলী, ভাইস চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মজিবুর রহমানের বিরুদ্ধে ৭০১ কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বাংলাদেশ ব্যাংকের তদন্তে প্রমাণিত হয়েছে। এ বিষয়ে ব্যাংকটির চেয়ারম্যান ও এমডিকে কারণ দর্শানো নোটিশ দেওয়ার দুই মাস অতিবাহিত হলেও অজ্ঞাত কারণে বাংলাদেশ ব্যাংক নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত।
সারসংক্ষেপে উল্লেখ করা হয়, ব্যাংকটিতে দুই বা ততোধিক পক্ষ পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিপক্ষেও অভিযোগ দায়ের করা হয়েছে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের মতামত জানা প্রয়োজন।
এদিকে চলতি বছরের ২০ মার্চ ব্যাংকটির চেয়ারম্যান ও এমডির কাছে পাঠানো পৃথক নোটিশে বাংলাদেশ ব্যাংক জানায়, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে ব্যাংক চালাতে ব্যর্থ হয়েছে ফরাছত আলীর নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ। আর এমডি ব্যর্থ হয়েছেন ব্যাংকটিতে যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে। চেয়ারম্যানের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না এবং এমডিকে কেন অপসারণ করা হবে না, নোটিশে তা জানতে চাওয়া হয়েছে। চেয়ারম্যান ও এমডি নোটিশের জবাব দিলেও এখন পর্যন্ত অজ্ঞাত কারণে শুনানি শুরু করেনি বাংলাদেশ ব্যাংক।