বাংলাদেশ ব্যাংকে রোববার থেকে সব লেনদেন স্বয়ংক্রিয়
আগামী রোববার থেকে সব লেনদেন স্বয়ংক্রিয় পদ্ধতি, অর্থাৎ ব্যাংকিং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।গতকাল বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয় ও সব শাখা অফিসে এটি কার্যকর করতে লিখিত নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। এতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লেনদেন সফটওয়্যারের পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে।নির্দেশনায় আরও বলা হয়, কোনো লেনদেন এই সফটওয়্যারে প্রবেশ করানো না হলে তা সংশ্লিষ্ট কর্মকর্তার গাফিলতি ও ব্যক্তিগত অদক্ষতা হিসেবে গণ্য হবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।বার্তা সংস্থা ইউএনবি জানায়, আগামী রোববার থেকে সিদ্ধান্তটি যথাযথভাবে কার্যকর করতে গতকাল সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান মতিঝিল, সদরঘাট, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেট শাখার মহাব্যবস্থাপকদের সঙ্গে টেলিকনফারেন্স করেন।এ সময় বাংলাদেশ ব্যাংকের গর্ভনর শাখা মহাব্যবস্থাপকদের বলেন, ‘এ ক্ষেত্রে অনিয়মকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।’উল্লেখ্য, গত তিন বছর ধরে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বিভিন্ন কার্যক্রম ক্রমেই অনলাইন ভিত্তিক করেছে। আগামীতেও এ পদক্ষেপ অব্যাহত থাকবে।