ব্যাংকিং কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কাল শনিবার বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিসের ক্যাশ বিভাগ খোলা থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।ক্যাশ বিভাগের পাশাপাশি নিকাশঘর (ক্লিয়ারিং হাউস), ডিএবি, সিকিউরিটিজ সেকশন, পিএডি-সংশ্লিষ্ট শাখাসমূহ ও প্রধান কার্যালয়ের স্বয়ংক্রিয় নিকাশঘর খোলা থাকবে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এই তথ্য জানায়। এডি শাখা খোলা: দেশের বৈদেশিক বাণিজ্য ও লেনদেনের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন প্রতি শনিবার দেশের সব ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেনকারী এডি (অথরাইজড ডিলার) শাখা খোলা থাকবে। উল্লেখ্য, বিমান, সমুদ্র বা নৌ ও স্থলবন্দরের বাণিজ্যিক ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব শাখা প্রতি শুক্র ও শনিবার খোলা রাখার নির্দেশ অনেক আগে থেকেই বহাল আছে। এ ছাড়া আমদানি-রপ্তানি বাণিজ্য লেনদেনসংশ্লিষ্ট অন্যান্য এডি শাখা প্রয়োজনমাফিক খোলা রাখার নির্দেশনাও বহাল আছে। তবে এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব এডি শাখা শনিবার খোলা রাখার নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।