বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখা ধাতব মুদ্রা নিচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখা ধাতব মুদ্রা নিচ্ছে না। যদিও বাংলাদেশ ব্যাংকেরই সব ধরনের মুদ্রা গ্রহণের নির্দেশনা আছে। নিজের নির্দেশনা নিজেই না মানায় খুলনার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোও ধাতব মুদ্রা নিচ্ছে না।
এ জন্য বিপাকে পড়েছেন বিভাগীয় শহরটির ব্যবসায়ীরা। শুধু বেকারি মালিকদের হাতেই জমা পড়ে আছে এক কোটি টাকার বেশি বিভিন্ন মানের ধাতব মুদ্রা। সমস্যা সমাধানে গতকাল বুধবার জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দিয়েছে খুলনা জেলা বেকারি মালিক সমিতি ও বেকারি হকার্স ইউনিয়ন।
স্মারকলিপিতে ব্যবসায়ীরা বলেছেন, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বাজারে ধাতব মুদ্রার প্রচলন রয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকসহ অন্য বাণিজ্যিক ব্যাংকগুলো বর্তমানে এ মুদ্রা গ্রহণ করছে না। ফলে এসব ধাতব মুদ্রা নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। অনেকের পুঁজি সংকট দেখা দিয়েছে।
এ বিষয়ে বেকারি মালিক সমিতির সভাপতি শামসুল আলম বলেন, ‘শুধু বেকারি মালিক সমিতির সদস্যদের হাতেই এক কোটি টাকার বেশি বিভিন্ন মানের ধাতব মুদ্রা রয়েছে। দোকানদারদের বেকারি সামগ্রী দেওয়ার সময় তাঁরা ধাতব মুদ্রা গ্রহণ না করলে পণ্য নিতে চান না। এ কারণে বাধ্য হয়ে আমাদের মুদ্রাগুলো নিতে হয়। তবে এগুলো আমরা কোথাও চালাতে পারছি না।’ তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশ ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংকগুলো এসব মুদ্রা গ্রহণ না করায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
খুলনার জেলা প্রশাসক মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘ধাতব মুদ্রা নিয়ে ব্যবসায়ীদের সমস্যার কথা আগেও শুনেছি। ব্যাংক ধাতব মুদ্রা নেবে না তা হতে পারে না। খুব শিগগির সমস্যা সমাধানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করা হবে।’
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার উপমহাব্যবস্থাপক এস এম হাসান রেজা ধাতব মুদ্রা বিনিময় কাউন্টার বন্ধ থাকার কথা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংকের ধাতব মুদ্রা বিনিময় শাখা অনেক দিন ধরেই বন্ধ আছে। তবে মুদ্রা নিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া আছে। হাসান রেজা দাবি করে বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর ভল্ট ধাতব মুদ্রা দিয়ে পরিপূর্ণ আছে। গ্রাহকেরা তা নিতে চান না। তাই সমস্যার সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের উপ-মুখপাত্র এ এফ এম আসাদুজ্জামান গত রাতে প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংকের শাখাসহ বাণিজ্যিক ব্যাংকের শাখা সব ধরনের মুদ্রা জমা নিতে বাধ্য। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের চিরাচরিত নির্দেশনা দেওয়া আছে। একটি নির্দিষ্ট সময় পর কিংবা প্রয়োজন হলে নির্দেশনাটির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করাও হয়। তিনি আরও বলেন, অনেক সময় কোনো কোনো কর্মকর্তা অলসতা কিংবা লোকবলের অভাবে ধাতব মুদ্রা নিতে চান না। তবে কেউ যদি এটি না করেন তবে সেটি বেআইনি। এ জন্য গ্রাহকেরা বাংলাদেশ ব্যাংকে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।