বাংলাদেশ ব্যাংকের ডিজি হচ্ছেন মনিরুজ্জামান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামানকে ডেপুটি গভর্নর (ডিজি) পদে নিয়োগ দিতে বলেছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
গতকাল মঙ্গলবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মনিরুজ্জামানকে বাংলাদেশ ব্যাংকের ডিজি পদে নিয়োগ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব রিজওয়ানুল হক স্বাক্ষরিত চিঠিতে অবসর গ্রহণ সাপেক্ষে তিন বছরের চুক্তিতে মনিরুজ্জামানকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের নেতৃত্বাধীন সার্চ কমিটি এর আগে ডিজির শূন্য পদ পূরণে মনিরুজ্জামানসহ আরও কয়েকজনের নাম সুপারিশ করে। প্রধানমন্ত্রীর কার্যালয় পরে মনিরুজ্জামানের ব্যাপারে সম্মতি দেয়।