বাংলাদেশ ব্যাংকের দশম শাখা উদ্বোধন হলো ময়মনসিংহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে বাংলাদেশ ব্যাংকের দশম শাখা খোলা হয়েছে।শহরের দুর্গাবাড়ী রোডে গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য এম এ সাত্তার মণ্ডল, ময়মনসিংহের জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আহমেদ, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক মো. আমিনুল হক এবং ময়মনসিংহ পৌরসভার মেয়র ও চেম্বারের সভাপতি ইকরামুল হক। আতিউর রহমান জানান, গাজীপুরে অবস্থিত সিকিউরিটি প্রিন্টিং প্রেসে মুদ্রিত টাকা ঢাকায় না নিয়ে ময়মনসিংহ শাখায় স্থানান্তর করে মজুদ রাখা হবে। এরপর প্রয়োজন অনুযায়ী ব্যাংকের ময়মনসিংহ শাখা থেকে ওই টাকা চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী, রংপুর ও বগুড়া কার্যালয়ে পাঠানো হবে।মেচুয়া বাজার ফরমালিনমুক্ত: এফবিসিসিআইয়ের উদ্যোগে ময়মনসিংহের মেচুয়া কাঁচাবাজারকে গতকাল বুধবার থেকে ‘ফরমালিনমুক্ত আদর্শ বাজার’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই বাজারের জন্য ইসলামী ব্যাংকের অর্থায়নে এই বাজারে খাদ্যদ্রব্যে ফরমালিন ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ শনাক্তকরণে ফরমালিন ডি-হাইড্রেড যন্ত্র স্থাপন করা হয়েছে। এফবিসিসিআইয়ের উদ্যোগে ঢাকার বাইরে এটিই হলো ফরমালিনমুক্ত প্রথম বাজার।ময়মনসিংহ শহরের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্রধান অতিথি হিসেবে পৌর মেয়রের কাছে ফরমালিন শনাক্তকরণ যন্ত্রটি হস্তান্তর করেন।