বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হলেন হাসান জামান
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে হাসান জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে নিয়োগ দেওয়া হয় বলে আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসান জামানকে ২০১১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি ১৩ বছর বিশ্বব্যাংকে কাজ করেন। তিনি সেখানে কেন্দ্রীয় অর্থনীতি ব্যবস্থাপনা বিভাগের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিযুক্ত ছিলেন। এ ছাড়া তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকেও কাজ করেছেন।লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন হাসান জামান। তিনি বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায় নেওয়া প্রধান অর্থনীতিবিদ মুস্তফা মুজেরির স্থলাভিষিক্ত হলেন।