বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হলেন হাসান জামান
বাংলাদেশ ব্যাংকের নতুন প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পেয়েছেন ড. হাসান জামান। তিনি শিগগিরই কেন্দ্রীয় ব্যাংকে যোগ দেবেন।হাসান জামান কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের ইউনিট তত্ত্বাবধান করবেন। এ ইউনিটের উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের নীতি-সিদ্ধান্তের আলোকে অর্থনৈতিক বিশ্লেষণের মানোন্নয়ন করা।হাসান জামান ২০১১ সালে গভর্নরের জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। এর আগে তিনি বিশ্বব্যাংকের ১৩ বছর দায়িত্ব পালন করেন। তিনি অতি সাম্প্রতিক কালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের একটি কেন্দ্রীয় অর্থনৈতিক ব্যবস্থাপনা বিভাগের প্রধান অর্থনীতিবিদ ছিলেন।হাসান জামান লন্ডন স্কুল অব ইকনোমিক্স থেকে অর্থনীতিতে বিএসসি ও এমএসসি এবং সাসেক্স ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।হাসান জামানের আগে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ছিলেন ড. মুস্তাফা কামাল মুজেরি, যিনি বর্তমানে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক। বিজ্ঞপ্তি।