বাংলাদেশ ব্যাংকের মতোই সুবিধা পাবেন বিএসইসির কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের মতো সুযোগ-সুবিধা পাবেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল মঙ্গলবার ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কর্মচারী চাকরি বিধিমালা), ২০১৪’ অনুমোদন দিয়েছে আইন মন্ত্রণালয়। ইতিমধ্যে তা গেজেট আকারে প্রকাশের জন্য পাঠানো হয়েছে।

এর আগে গত বছরের ২০ অক্টোবর ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কর্মচারী চাকরি বিধিমালা), ২০১৩’-এর প্রস্তাবিত ধারাগুলোয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একমত পোষণ করে। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব শুভাশীষ সাহা স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি বিএসইসিতে পাঠানো হয়।

বিএসইসি সূত্রে জানা যায়, নতুন এই বিধিমালা প্রণয়নের ফলে এখন থেকে কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা কর্মদিবসগুলোতে দুপুরে খাওয়ার খরচ, উত্সব ভাতা, গৃহনির্মাণ ও গাড়ি কেনার ঋণ পাবেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ ঋণ সুবিধা দেওয়া হবে ৬০ লাখ টাকা। তবে ব্যক্তিগত গাড়ি কেনার ক্ষেত্রে ঋণ সুবিধা পাবেন কমিশনের সহকারী পরিচালক থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর জন্য সর্বোচ্চ ঋণ সুবিধা দেওয়া হবে ২০ লাখ টাকা। আর সহকারী পরিচালক থেকে নিম্ন শ্রেণীর কর্মচারীরা (ব্যক্তিগত সহকারী, অফিস সহকারী, অভ্যর্থনাকারী, টেলিফোন অপারেটর, গাড়িচালক, এমএলএসএস, ক্লিনার) ব্যক্তিগত গাড়ির বদলে মোটরসাইকেল কিনতে ঋণ সুবিধা পাবেন। এর জন্য সর্বোচ্চ ঋণ সুবিধা দেওয়া হবে দুই লাখ টাকা। এ ছাড়া সব কর্মকর্তা-কর্মচারী দুপুরের খাবার বাবদ ২০০ টাকা করে পাবেন। এর জন্য বেতন কাঠামো অনুসারে একটি নীতিমালা করা হবে। এসব সুযোগ কেবল কমিশনের স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা ভোগ করবেন বলে নীতিমালায় বলা হয়েছে।

নতুন এই নীতিমালায় বলা হয়, ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ৯-এর ৩ ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রদেয় বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সামঞ্জস্যপূর্ণ করে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও সুবিধা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রজ্ঞাপনে ৩৩ অনুচ্ছেদে বলা আছে, আইনের ৯-এর ৩ ধারা অনুযায়ী কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রদেয় বোনাস, উত্সব ভাতা, গৃহনির্মাণ ঋণ, অগ্রিম বেতন ও অন্যান্য আগাম সুবিধা সামঞ্জস্যপূর্ণ করে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও সুবিধা নির্ধারণ করা হয়েছে।’

এ দিকে বিএসইসি সূত্রে জানা যায়, নতুন এ আইনটি এসআরওর (প্রজ্ঞাপন) মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করতে গতকাল অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বিএসইসিতে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে আইনটি গেজেট আকারে প্রকাশের জন্য সংশ্লিষ্ট নথিপত্রে স্বাক্ষর করে অর্থ মন্ত্রণালয়ের পাঠিয়েছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন। এখন অপেক্ষা গেজেট প্রকাশের।

এ বিষয়ে বিএসইসির কমিশনার হেলাল উদ্দিন নিজামী প্রথম আলোকে বলেন, ‘আগে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের জন্য চাকরির প্রবিধি ছিল। এখন এটা বিধিমালা আকারে প্রণয়ন করা হয়েছে। বিধিমালাটি সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনের পর গেজেট আকারে প্রকাশের জন্য পাঠানো হয়েছে। এ-সংক্রান্ত গেজেট প্রকাশের পরেই তা চূড়ান্ত বলে গণ্য হবে।’

বিএসইসি কমিশনার জানান, নতুন এই বিধানের ফলে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা বাংলাদেশ ব্যাংকের মতো সুযোগ সুবিধা পাবেন। তবে এর জন্য বেতন কাঠামো অনুসারে একটি নীতিমালা করা হবে। এক সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয় তা গেজেট আকারে প্রকাশ করবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কর্মচারী চাকরি প্রবিধানমালা), ১৯৯৫-এর সংশোধন করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কর্মচারী চাকরি বিধিমালা), ২০১৪’ নামকরণ করা হয়েছে।