পরিবেশবান্ধব তিনটি খাতে ঋণ দেওয়া হবে
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে নয়টি ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পুনঃঅর্থায়ন চুক্তি করেছে নয়টি বাণিজ্যিক ব্যাংক। সৌরশক্তি, বায়োগ্যাস ও বর্জ্য পরিশোধন প্রকল্পে কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় এ চুক্তি করা হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উত্স থেকে প্রাথমিকভাবে ২০০ কোটি টাকার আবর্তনশীল তহবিল দিয়ে এ পুনঃঅর্থায়ন কর্মসূচি চালু করা হয়েছে। এর ফলে দেশে সৌরশক্তির ব্যবহার ও পরিবেশবান্ধব বিকল্প জ্বালানি ব্যবহারের মাধ্যমে বিদ্যুত্ ও গ্যাসের ঘাটতি মোকাবিলা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সংরক্ষণের স্বার্থে ব্যাংকগুলো সংশ্লিষ্ট উদ্যোক্তাদের ঋণ দিতে পারবে।চুক্তিতে স্বাক্ষরকারী বাণিজ্যিক ব্যাংকগুলো হচ্ছে সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবুল কাশেম এবং উল্লিখিত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকেরা চুক্তিতে সই করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরীসহ ব্যাংকগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০০৯ সালের ৩ আগস্ট থেকে এ কর্মসূচির কার্যকারিতা শুরু হয়। এর আগে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সাতটি ব্যাংক এ চুক্তি সম্পাদন করেছে। ব্যাংকগুলো হচ্ছে এনসিসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।