বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে কলমানির সুদের হার কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে আন্তব্যাংক মুদ্রাবাজারে অস্থিরতা কিছুটা কমে এসেছে। গতকাল সোমবার মুদ্রাবাজার থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্বল্প সময়ের জন্য ধার করা অর্থের (কলমানি) সুদের হার আগের দিনের তুলনায় অনেকখানি কমে সর্বোচ্চ ৫৫ শতাংশ পর্যন্ত ওঠে। আগের দিন অর্থাৎ গত রোববার কলমানির সুদের হার ছিল সর্বোচ্চ ১৯০ শতাংশ। এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের নীতিনির্ধারক পর্যায় থেকে অনেক রাত পর্যন্ত এত উচ্চ সুদে ঋণ গ্রহণ করা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে কথা বলা হয়। এ ধারা গতকালও অব্যাহত ছিল। সকাল থেকেই কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারের লেনদেনের ওপর ব্যাপক নজরদারি ও টেলিফোনে নির্দেশনা দিতে থাকে বলে জানা যায়। একই সঙ্গে এ দিনও বাংলাদেশ ব্যাংক বাজারে নগদ অর্থের জোগান বাড়িয়ে দেয়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান আগাম মুদ্রানীতি নিয়ে সকালে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেন, সিআরআর (আমানতের নিরাপত্তা হিসেবে ব্যাংকগুলোর বিধিবদ্ধ জমার নগদ অংশ) বৃদ্ধি করায় আন্তব্যাংক মুদ্রাবাজারে সৃষ্ট অস্থিতিশীলতা সাময়িক। অচিরেই তা স্থিতিশীল হয়ে আসবে। গভর্নর আরও বলেন, সম্প্রতি ব্যাংকগুলোর বিধিবদ্ধ নগদ জমা বাড়ানোর কারণে পুঁজিবাজারে মূল্য সংশোধন হয়েছে বলে বিভিন্ন পক্ষ থেকে যে মন্তব্য করা হচ্ছে তা আদৌ সঠিক নয়। তিনি ব্যাখ্যা করে বলেন, সিআরআর বৃদ্ধি করায় মুদ্রাবাজার থেকে যে পরিমাণ নগদ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে এসে জমা হয়েছে, তার চেয়ে অনেক বেশি তারল্য রেপো নিলামে বাজারে জোগান দেওয়া হয়েছে। উদাহরণ দিয়ে আতিউর রহমান জানান, ১৫ ডিসেম্বর নতুন সিআরআর কার্যকরের দিনে মুদ্রাবাজার থেকে দুই হাজার ৭৬ কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকে এসে ঢুকেছে। কিন্তু ওই দিনই বাংলাদেশ ব্যাংক রেপো ও প্রাথমিক ডিলারদের নগদ সহায়তার মাধ্যমে অর্থ জোগান দিয়েছে ছয় হাজার ৫৫ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত গতকালের এ মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নর নজরুল হুদা, জিয়াউল হাসান সিদ্দিকী ও মুরশিদ কুলী খান, সিনিয়র পরামর্শক আল্লাহ মালিক কাজেমীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অর্থনীতিবিষয়ক সিনিয়র সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। গভর্নর বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন নামে ঋণ নিয়ে তা ফাটকাবাজারি মুনাফার জন্য পুঁজিবাজারে খাটানোর অনেক তথ্য সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে। এ ধরনের অপব্যবহার আটকাতে ব্যাংকগুলোকে সতর্ক করে প্রতিবেদন চাওয়া হয়েছে। কিন্তু শেয়ারবাজারের বড় দরপতন পরিস্থিতিতে এসব অর্থ সমন্বয়ের সময়সীমা বাড়ানো হয়েছে। গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত প্রভাবশালী কোনো পক্ষের চাপে বদল হয়নি। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক কোনো ভয়ভীতির মধ্যে নেই। আমরা কোনো প্রভাবশালী বডির হুমকির মধ্যেও নেই। মুদ্রানীতি আমাদের নিজস্ব বিষয়। বাংলাদেশ ব্যাংক পেশাদারির সঙ্গে কাজ করছে।’ আতিউর আরও জানান, অর্থমন্ত্রী সর্বক্ষণ বাংলাদেশ ব্যাংককে সহযোগিতা করছেন। তা ছাড়া উল্লিখিত সময়সীমা বাড়ানো হলেও বাংলাদেশ ব্যাংক তার নীতিনির্ধারণী পদক্ষেপ থেকে সরে আসেনি। মূল্যস্ফীতিকে সহনশীল পর্যায়ে রাখতে কেন্দ্রীয় ব্যাংক পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ ব্যাংক জাতীয় স্বার্থে, প্রবৃদ্ধির ধারাকে ত্বরান্বিত করার স্বার্থে পদক্ষেপ নিচ্ছে।আতিউর রহমান আরও বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক নতজানু হচ্ছে না। কাজ করতে গিয়ে ভুলভ্রান্তি থাকতে পারে।’ তাঁর মতে, ‘আজকের কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান অন্য যেকোনো সময়ের চেয়ে খারাপ নয়। তবে আমরা তুঘলকি কারকারি নই। কিন্তু দ্বন্দ্ব-সংঘাত না রেখে কাজগুলো করতে চাই।’ এদিকে সূত্র জানায়, গত কয়েক দিনে যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অস্বাভাবিক উচ্চ সুদে কলমানি নিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের সম্পদ ও দায় ব্যবস্থাপনায় অসামঞ্জস্য রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে বাংলাদেশ ব্যাংক। এদের প্রত্যেকের সঙ্গে পৃথক বৈঠক করে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেবে। বাংলাদেশ ব্যাংক গতকাল মুদ্রাবাজারে সাত হাজার ৮২৫ কোটি টাকা জোগান দিয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় এক হাজার কোটি টাকা বেশি। গতকাল রেপোর মাধ্যমে ২২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চার হাজার ১২৭ কোটি কোটি টাকা জোগান দেওয়া হয়েছে। অন্যদিকে ১৪টি প্রাথমিক ডিলার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সহায়তা দেওয়া হয়েছে তিন হাজার ৬৯৮ কোটি টাকা। রেপো ও নগদ সহায়তার সুদের হার ছিল সাড়ে পাঁচ শতাংশ।