বাংলাদেশ ব্যাংকের ১১৪ কর্মকর্তাকে শোকজ নোটিশ
পদোন্নতির দাবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কক্ষের সামনে হই-হট্টগোল করায় বাংলাদেশ ব্যাংকের ১১৪ জন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নিজেদের কাজ ফেলে কেন তাঁরা এ ধরনের কাজ করেছেন, এই নোটিশের মাধ্যমে ৭ আগস্টের মধ্যে তাঁদের তা জানাতে বলা হয়েছে। কোনো কর্মকর্তা যথাসময়ে নোটিশের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের জেনারেল সাইডে বিভিন্ন পর্যায়ে দেড় শতাধিক কর্মকর্তার পদোন্নতি হয়েছে। তবে ক্যাশ বিভাগের কর্মকর্তাদের কোনো পদোন্নতি দেওয়া হয়নি। এ কারণে গত রোববার পদোন্নতির দাবিতে তাঁরা গভর্নরের কক্ষের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন। পদোন্নতির আশ্বাস না দিলে নিজেদের কাজে যোগ না দেওয়ারও ঘোষণা দেন তাঁরা।একপর্যায়ে ডেপুটি গভর্নর আবুল কাশেম এসব কর্মকর্তাকে নিজ নিজ কাজে ফিরে যাওয়ার নির্দেশ দেন। তার এক দিন পর গত সোমবার এসব কর্মকর্তার বিরুদ্ধে শোকজ নোটিশ দেওয়া হলো। বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ক্যাশ বিভাগের নিয়োগ ও পদোন্নতি আলাদাভাবে হয়ে থাকে। জেনারেল সাইডে যেখানে নির্বাহী পরিচালক (ইডি) সর্বোচ্চ পদ সেখানে ক্যাশ বিভাগে সর্বোচ্চ পদ রয়েছে উপমহাব্যবস্থাপক (ক্যাশ)। শোকজ করা কর্মকর্তাদের মধ্যে ৯৬ জন রয়েছেন সহকারী ব্যবস্থাপক (এএম) এবং ১৮ জন রয়েছেন উপব্যবস্থাপক (ডিএম)।