বাংলাদেশ-ভারত এসএমই টাস্কফোর্স গঠনের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও ভারত। এ লক্ষ্যে দুই দেশের ব্যবসায়ীদের প্রতিনিধিদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের বিষয়টিও আলোচনায় এসেছে।এসএমই খাত নিয়ে বাংলাদেশ ব্যাংক ও ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক সেমিনারে এসব বিষয় উঠে আসে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল শনিবার এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ‘আমরা দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি কার্যকর টাস্কফোর্স গঠন করতে পারি। এই টাস্কফোর্স এসএমই খাতের উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে যে ধরনের সহযোগিতা প্রয়োজন, তা নিয়ে কাজ করবে।’ এ দেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন বলেন, ‘এসএমই খাতে ভারতের অনেক প্রদেশের চেয়ে বাংলাদেশ ভালো করছে। এ দেশের অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরে এই খাত একটি বড় ভূমিকা রাখতে পারে।’পঙ্কজ শরন আরও বলেন, বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে এসএমই খাত একটি বড় প্ল্যাটফর্ম বা মঞ্চ হিসেবে কাজ করতে পারে। ভারতে বাংলাদেশের এমএমই পণ্যের বাজার সৃষ্টিতে সব ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে। এ ছাড়া বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য ভারত ভ্রমণের অনুমতির বিষয়ও এখন অনেক বেশি সহজ হয়েছে।বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘আমাদের এসএমই খাতে আইডিয়ার অভাব নেই। তার পরও আমরা আইডিয়া যোগ করতে চাই। আমরা দেখতে পাচ্ছি, ভারত সরকার তাদের ক্রয়ের ২৫ শতাংশ নেয় এসএমই খাত থেকে। আমাদের দেশের সরকারও এসএমই খাত থেকে ৫ শতাংশ ক্রয় দিয়েও যদি শুরু করে, তবে ধীরে ধীরে সেটা ১০ থেকে ১৫ শতাংশে উন্নীত হবে।’ইন্দো-বাংলা চেম্বারের সভাপতি আবদুল মাতলুব আহমাদের সভাপতিত্বে সেমিনারে এসএমই খাতের ওপর তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অব ইন্ডিয়ার (সিডিবি) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সুশীল মোহন্ত, ভারতের ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এইচ পি কুমার এবং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অব ইন্ডিয়ার চেয়ারম্যান রাজীব চাওলা।