বাংলাদেশ-ভারত গাড়ির যন্ত্রাংশ প্রদর্শনী অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রূপসী বাংলা হোটেলে গতকাল বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল গাড়ির যন্ত্রাংশ প্রদর্শনী। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ভারতীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের তৈরি যন্ত্রাংশ প্রদর্শন করে।
ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (আইবিসিসিআই), বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন (বিইআইওএ) এবং বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএএএমএ) যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে।
প্রদর্শনী উপলক্ষে গতকাল বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আইবিসিসিআইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল মাতলুব আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানীয় অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন ও ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক এ করিম।
অনুষ্ঠানে বক্তব্য দেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরামউদ্দিন আহেমদ, বাণিজ্যসচিব মাহবুব আহমেদ, উত্তরা মোটরসের চেয়ারম্যান মতিউর রহমান ও রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, হালকা প্রকৌশল শিল্প খাতে কিছু সমস্যা হয়তো রয়েছে। আলাপ-আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব। প্রয়োজন হলে এ খাতের দেশীয় শিল্পের উন্নয়নে শিল্প ও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করা হবে।