বাংলাদেশ-ভারত ধানবীজের অনানুষ্ঠানিক বাণিজ্য বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানবীজ
ধানবীজ

বাংলাদেশ ও ভারতের মধ্যে অনানুষ্ঠানিকভাবে ধানবীজের বাণিজ্য ধীরে ধীরে বিস্তার লাভ করছে। সীমান্তঘেঁষা বিভিন্ন জেলায় ভারত থেকে অবৈধ পথে ধানবীজ আসছে। পাশাপাশি বাংলাদেশ থেকেও ভারতের পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গ হয়ে বিহার, ওডিশা ও ঝাড়খন্ডে বাংলাদেশে উদ্ভাবিত ধানবীজ যাচ্ছে।
দেশের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমন্নয় এবং ভারতের গবেষণা প্রতিষ্ঠান কনজ্যুমার ইউনিটি ট্রাস্ট (কাটস) যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে ধানবীজ বাণিজ্যের প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও অপসারণ বিষয়ে একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে প্রকাশিত এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
এ প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে বড় আকারের ধানবীজ বিশেষত হাইব্রিড ধানবীজ বাণিজ্য হতে পারে। কেননা, দুই দেশেই বিভিন্ন ধরনের হাইব্রিড ধানবীজের চাহিদা বাড়ছে। যোগাযোগব্যবস্থা সহজ থাকায় আনুষ্ঠানিক প্রতিবন্ধকতাগুলো অপসারণ করা গেলে এই বাণিজ্য থেকে দুই দেশই লাভবান হবে বলেও মনে করে গবেষণা প্রতিষ্ঠান দুটি।
বাংলাদেশর উত্তর ও দক্ষিণাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ওডিশা ও ঝাড়খন্ড রাজ্যকে এই গবেষণার আওতায় রাখা হয়েছে।
মাঠ পর্যায়ে জরিপের ভিত্তিতে প্রস্তুতকৃত প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তঘেঁষা দিনাজপুর, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া ও যশোর জেলায় ভারত থেকে অবৈধ পথে ধানবীজ আসছে।
চাঁপাইনবাবগঞ্জে ও দিনাজপুর জেলায় আমন মৌসুমে ভারতীয় স্বর্ণা ধান উল্লেখযোগ্য পরিমাণে চাষ হতে দেখা গেছে। যেমন, গত মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৪৮ হাজার হেক্টর জমির মধ্যে ৩৩ হাজার হেক্টর জমিতে স্বর্ণা ধানের ফলন হয়েছে। এ ছাড়া আরও কিছু প্রজাতির ধানও চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাটসহ আশপাশের জেলাগুলোয় আবাদ হতে দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ক্ষেত্রেই বাংলাদেশি কৃষকেরা সীমান্তের ওপারে বসবাসকারী আত্মীয়স্বজন বা কৃষকদের কাছ থেকে ভারতীয় একাধিক প্রজাতির ধানবীজ সংগ্রহ করে থাকে।
আবার যশোর জেলার বেনাপোল এলাকায় ভারতীয় কর্তৃপক্ষের অনুমোদিত স্বর্ণা ও মিনিকেট ধানবীজের দেখা মেলে। অন্যদিকে বৃহত্তর দিনাজপুর জেলায় গুটি স্বর্ণা, স্বর্ণা-৫ ও রঞ্জিত ধানের উল্লেখযোগ্য পরিমাণ আবাদ হতে দেখা গেছে।
একইভাবে বাংলাদেশ থেকে বৈধ পথের পাশাপাশি অবৈধ পথে ধানবীজ ভারতে যাচ্ছে বলে উক্ত প্রতিবেদনে উঠে এসেছে।
বাংলাদেশের ব্রি-১১ ও হীরা জাতের ধানবীজ ভারতের পশ্চিমবঙ্গে বেশ জনপ্রিয়। সেখানকার দক্ষিণ দিনাজপুর জেলার চাষিরা ব্রি-১১ জাতের ধানবীজ ব্যবহার করছেন। অন্যদিকে বাংলাদেশের চাষিরা গুটি স্বর্ণা, স্বর্ণা ও রঞ্জিত নামের ধানবীজ ব্যবহার করছেন।
বিহারে বাংলাদেশের বিআর-১২ প্রজাতির ধান জনপ্রিয়তা পেয়েছে। সেখানকার চাষিরা জানিয়েছেন যে বাংলাদেশ থেকে বেশির ভাগ ক্ষেত্রেই এসব বীজ অবৈধ পথে ভারতে যাচ্ছে।
বাংলাদেশি ধানবীজের প্রতি আগ্রহ সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হলো ভারতীয় বিভিন্ন প্রজাতির ধান চাষে সেখানকার কৃষকদের মন্দ অভিজ্ঞতা। যেমন, স্বর্ণা প্রজাতির ধানের চাষ করতে গিয়ে অনেক কৃষকই কাঙ্ক্ষিত মাত্রায় ফলন পাননি।
গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে, গবেষণার আওতাধীন ভারতের চারটি রাজ্যের মধ্যে ওডিশা বাদে পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খন্ড ধানবীজ ঘাটতির রাজ্য হিসেবে পরিচিত। এই তিন রাজ্য তাই হায়দ্রাবাদ ও ওডিশা থেকে বীজ আমদানি করে থাকে। মজার বিষয় হলো, অনেক ক্ষেত্রে তা অনানুষ্ঠানিক বা অবৈধ পথে সম্পন্ন হয়ে থাকে।
উন্নয়ন অন্বেষণ ও কাটসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত থেকে ধানবীজ আমদানির ক্ষেত্রে অনেক বেশি বাণিজ্য প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। তুলনামূলকভাবে বাংলাদেশ থেকে আমদানিতে ভারতীয় কৃষকেরা অনেক কম প্রতিবন্ধকতার মুখে পড়েন। সে কারণে বৈধ পথে বাংলাদেশ থেকে বেশি ধানবীজ যাচ্ছে।
গবেষণা প্রতিষ্ঠান দুটি এসব প্রতিবন্ধকতা অপসারণের জন্য দুই দেশের নীতিনির্ধারকদের কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।