বাংলাদেশ-ভারত বাণিজ্য সহজীকরণে চারটি বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিপিডির সংলাপে (বাঁ থেকে) সংস্থাটির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, ছবি: প্রথম আলো
সিপিডির সংলাপে (বাঁ থেকে) সংস্থাটির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, ছবি: প্রথম আলো

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সহজীকরণে চারটি বাধা রয়েছে। বাধাগুলো হলো অবকাঠামো দুর্বলতা, শুল্ক ও বন্দরসংক্রান্ত সুবিধাসমূহ, অশুল্ক বাধা এবং ঝামেলাপূর্ণ রপ্তানি-প্রক্রিয়া। দুই দেশের বাণিজ্য সহজীকরণে স্থলবন্দর, রেলপথসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে হবে। বাণিজ্য কার্যক্রমের জন্য এক স্থানে সব সুবিধা (সিঙ্গেল উইনডো ফ্যাসিলিটিজ) দিতে হবে।

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপের মূল প্রবন্ধে এ কথা বলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই সংলাপে আরও বলা হয়, সম্প্রতি বাংলাদেশকে যে শুল্কমুক্ত বাজারসুবিধাসহ বেশ কিছু সুধিবা দিলেও তা কাজে আসছে না। প্রাথমিকভাবে রপ্তানি বাড়লেও এখন তা কমেছে।

সিপিডির চেয়ারম্যান রেহমানের সোবহানের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। ব্যবসায়ীদের ওপর সমীক্ষার ভিত্তিতে সিপিডি এই প্রবন্ধটি তৈরি করেছে।

রেহমান সোবহান বলেন, ভারত-বাংলাদেশ বাণিজ্য আলোচনায় কোনো সরকারের জোরালো ভূমিকা ছিল না। ১৯৮৫ সালে ভারতের বাজারে শুল্কমুক্ত বাজারসুবিধার বিষয়ে এ আলোচনা শুরু হলেও তিন বছর আগে তা বাস্তবায়িত হয়। দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে অশুল্ক বাধা ও আমলাতান্ত্রিক সমস্যা রয়েছে।

মূল প্রবন্ধ: দুই দেশের স্থলবন্দরগুলোতে পর্যাপ্ত বাণিজ্যসুবিধা নেই। সিপিডির সমীক্ষায় দুই-তৃতীয়াংশ উত্তরদাতাই মনে করেন, অবকাঠামো দুর্বলতা মেটানোই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। অন্য অবকাঠামো সমস্যা হলো স্থলবন্দরে সরু সড়ক ও পণ্য ওঠানামার জায়গার সংকট, অনুন্নত সংযোগ সড়ক এবং রেলপথে দুর্বল অবকাঠামো।

শুল্কায়ন-প্রক্রিয়ায় চারটি সমস্যা চিহ্নিত করেছে সিপিডি। এগুলো হলো স্বয়ংক্রিয় শুল্কায়ন ব্যবস্থার অভাব, ঝামেলাপূর্ণ শুল্কায়ন-প্রক্রিয়া, গুদামের অভাব এবং দক্ষ মানবসম্পদের অভাব।

অশুল্ক বাধাকেই দুই দেশের বাণিজ্যের অন্যতম বাধা বলে মনে করছে সিপিডি। সিপিডি আরও বলছে, আমদানি-রপ্তানি কার্যক্রমে ১৬ ধরনের দলিলাদি জমা দিতে হয়। আর কাগজের সংখ্যা প্রায় শতাধিক। কার্যক্রম সম্পন্ন করতে বিভিন্ন পর্যায়ে ৩৮টি স্বাক্ষর প্রয়োজন হয়।

আলোচনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বিশাল বাণিজ্য ভারসাম্যহীনতা থাকলেও তা চিহ্নিত হওয়ার কিছু নেই। কেননা, তৈরি পোশাক খাতের কাঁচামালের বড় অংশই আসে ভারত থেকে। তিনি জানান, উত্তর-পূর্ব ভারতীয় রাজ্যগুলোর সঙ্গে বাণিজ্য বাড়াতে আসামের গোহাটিতে উপ-হাইকমিশন ও বাণিজ্য কার্যালয় হচ্ছে।

সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে নেতৃত্বের সমস্যা রয়েছে। বাণিজ্য সম্প্রসারণে সরকারের ভেতরে এই প্রক্রিয়ায় কে, কীভাবে নেতৃত্ব দেবেন—এই সমস্যা রয়েছে। ভারত থেকে প্রাপ্ত ১০০ কোটি ডলারের ঋণ ও অনুদানের কতটুকু বাণিজ্য সম্প্রসারণে অবকাঠামো নির্মাণে বিনিয়োগ হয়েছে, তা জানতে চান তিনি।