বাংলাদেশ-ভারত সরাসরি চলবে পণ্যবাহী জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্য পরিবহন সহজ করতে শিগগিরই বাংলাদেশ ও ভারতের মধ্যে সরাসরি উপকূলীয় জাহাজ চলাচল শুরু হচ্ছে। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও স্থলপথে পণ্য আমদানি-রপ্তানিতে চাপ কমানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে দুই দেশ এ-সংক্রান্ত চুক্তির খসড়া তৈরি করেছে। খসড়াটি চূড়ান্ত করতে আগামী মে মাসের প্রথম সপ্তাহে ভারতের নৌ মন্ত্রণালয়ের মহাপরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসছে। বাংলাদেশের নৌ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী জুন মাসে দুই দেশের মধ্যে উপকূলীয় জাহাজ চলাচল-সংক্রান্ত চুক্তিটি হতে পারে। চুক্তি হওয়ার পর দুই দেশের দুটি করে জাহাজ পরীক্ষামূলকভাবে চলাচল করবে। এরপর নিয়মিত করা হবে। যদিও ভারতীয় দৈনিক পত্রিকা বিজনেস লাইন ভারতীয় কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে জানিয়েছে যে, এ বছরের মে মাসেই এই পরীক্ষামূলক চলাচল শুরু হতে যাচ্ছে।পণ্যবাহী জাহাজ ব্যবসায়ীরা জানান, দুই দেশের মধ্যে সরাসরি জাহাজে পণ্য পরিবহন করা হলে সময় ও ব্যয়—দুটিই কমবে। এতে বাংলাদেশই বেশি লাভবান হবে। চুক্তির খসড়া অনুযায়ী, ভারতের তিনটি বন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া হবে। এই বন্দরগুলো হলো পশ্চিবঙ্গের হলদিয়া, ওডিশার পারাদ্বীপ ও অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তম। আর বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরে মালামাল পরিবহন করা হবে। সরাসরি জাহাজ যোগাযোগ না থাকায় এখন ভারতের কোনো বন্দর থেকে বাংলাদেশে পণ্য আনতে হলে তা প্রথম শ্রীলঙ্কার কলম্বো, মালয়েশিয়ার পেনাং অথবা সিঙ্গাপুর যায়। সেখান থেকে আবার বাংলাদেশে আসে। একই পথে বাংলাদেশ থেকে ভারতে পণ্য যায়। একটি চালান আসতে সময় লাগে ১৫ থেকে ২১ দিন। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু হলে পশ্চিমবঙ্গের হলদিয়া ও পারাদ্বীপ থেকে চট্টগ্রাম কিংবা মংলা বন্দরে পণ্যবাহী জাহাজ আসতে সময় লাগবে মাত্র ১৬ ঘণ্টা। আর বিশাখাপত্তম থেকে আসতে সময় লাগবে আড়াই থেকে তিন দিন। এতে করে পণ্য পরিবহন ব্যয় অনেকাংশেই হ্রাস পাবে। বর্তমানে ভারতের মূল ভূখণ্ডের বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি পণ্য রপ্তানি এবং সেখান থেকে বাংলাদেশে পণ্য আমদানির বড় অংশই পশ্চিমবঙ্গ-সংলগ্ন স্থলবন্দরগুলো দিয়ে সম্পন্ন হয়। তাতে পরিবহন ব্যয় বেশি হয়।কোস্টাল শিপ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সূত্রে জানা গেছে, ভারতের চেন্নাই বা অন্য কোনো বন্দর থেকে জাহাজে বাংলাদেশের চট্টগ্রাম বা মংলায় পণ্য আনতে হলে যেহেতু সিঙ্গাপুর বা শ্রীলঙ্কা হয়ে আসতে হয়, সেহেতু প্রতি টন পণ্য আমদানিতে গড়ে প্রায় এক হাজার ২০০ ডলার ব্যয় হয়। নতুন ব্যবস্থায় সরাসরি জাহাজ চালানো গেলে এ ব্যয় অন্তত এক-তৃতীয়াংশে নেমে আসবে। অর্থাৎ ব্যয় হবে প্রায় ৪০০ ডলার।তবে দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল-সংক্রান্ত চুক্তির খসড়ায় আন্তর্জাতিক মানদণ্ড কিছুটা শিথিল করার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ জাহাজের পরিবর্তে কিছুটা ছোট আকারের জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে। বিশেষ করে দুই দেশের মধ্যে বিদ্যমান নৌ-প্রটোকলের আওতায় যে মানদণ্ডে জাহাজ চলাচল করে, সে ধরনের জাহাজে পণ্য পরিবহনের সুযোগ দেওয়া হবে।জানা গেছে, বর্তমানে দেশে ৮০টির মতো জাহাজ রয়েছে, যেগুলো ‘সি’ শ্রেণীভুক্ত বা আন্তর্জাতিক বন্দরে গমনযোগ্য। এগুলোর বেশির ভাগই বেসরকারি মালিকানায়। এর বাইরে প্রায় দুই হাজার জাহাজ রয়েছে।নৌ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মে মাসের প্রথম সপ্তাহে ভারতের প্রতিনিধি বাংলাদেশে এলে চুক্তির খসড়াটি চূড়ান্ত করা হবে। এরপর জুন মাসের মধ্যে চুক্তিটি সম্পন্ন হবে বলে আশা করি। চুক্তি হওয়ার সময় পরীক্ষামূলক চালানের দিনক্ষণ ঠিক করা হবে। তবে যত দ্রুত সম্ভব উপকূল ঘেঁষে জাহাজ চলাচল শুরু করা প্রয়োজন। এতে বাংলাদেশই বেশি লাভবান হবে। প্রাথমিকভাবে হলদিয়া-চট্টগ্রাম বন্দর বা মংলা বন্দর পথটি চালু হবে।’ কোয়াবের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, দুই দেশের মধ্যে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হলে তা বাংলাদেশের জন্য লাভজনক হবে। একদিকে কম খরচে পণ্য আমদানি-রপ্তানি হবে, অন্যদিকে জাহাজ ব্যবসারও বিস্তৃতি ঘটবে। তিনি আরও বলেন, পুরোদমে চলাচল শুরু হলেও চাহিদা বাড়লে বাংলাদেশ থেকে ১০০টির মতো জাহাজ চালানোও সম্ভব হবে।দুই দেশের মধ্যে নৌ-প্রটোকলের আওতায় বর্তমানের বাংলাদেশে ৪৭টি জাহাজ চলাচল করে। আর ভারতের দুটি জাহাজ চলে। উপকূল ঘেঁষে পণ্য পরিবহন করা হবে, তাই এই জাহাজগুলোও ব্যবহার করা যাবে বলে মত দেন ব্যবসায়ীরা। নৌপথে বাণিজ্যে বাংলাদেশ সীমিত পণ্য ভারতে রপ্তানি করবে। এগুলো হলো মূলত তৈরি পোশাক ও কৃষিজ পণ্য। অন্যদিকে ভারত থেকে রপ্তানিমুখী পণ্যের পরিসর অনেক বিস্তৃত।২০১১-১২ অর্থবছরে ভারত প্রায় ৪৭০ কোটি ডলারের পণ্য বাংলাদেশে রপ্তানি করেছে। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে ৪৯ কোটি ৮০ লাখ ডলারের পণ্য। ভারতীয় এক সমীক্ষায় দেখা গেছে, সড়কপথে প্রতি একক দূরত্ব অতিক্রম করতে যে পরিমাণ জ্বালানি তেল খরচ হয়, তার মাত্র ১৫ শতাংশ দিয়েই জলপথ বা সমুদ্রপথে একই দূরত্ব অতিক্রম করা যায়। আর রেলপথের অর্ধেক জ্বালানি খরচ হয় জলপথে। আবার সড়কপথের মাত্র ২১ শতাংশ ও রেলপথের মাত্র ৪২ শতাংশ খরচ হয় জলপথে বা সমুদ্রপথে।