বাংলাদেশ-ভারতে আরও কিছু সীমান্ত হাট হবে
বাংলাদেশ-ভারতের দুর্গম অঞ্চলের মানুষের শুল্কমুক্তভাবে পণ্য কেনাবেচা সহজলভ্য করতে উভয় দেশের সীমান্তে আরও কিছু হাট স্থাপনের ব্যাপারে কাজ চলছে। এই হাটগুলো সীমান্ত হাট বা বর্ডার হাট নামে পরিচিত।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে উভয় দেশে ২২টি হাট স্থাপনের প্রস্তাবের কথা জানিয়েছে। এতে বলা হয়েছে, ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তে স্থাপিত হবে এই হাটগুলো। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১৩-১৪ জুন দিল্লিতে অনুষ্ঠেয় উভয় দেশের কার্যদলের (জেডব্লিউজি) বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এদিকে, বাংলাদেশের রাঙামাটি ও ভারতের মিজোরাম সীমান্তেও কয়েকটি হাটের প্রস্তাব রয়েছে। বাংলাদেশের দিক থেকে রয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের তাড়াবুনিয়াপাড়া, উদয়পুর চাকমাপাড়া, বলাপাইয়াপাড়া এবং বরকল উপজেলার ভূষণপাড়া ইউনিয়নের থেগামুখ। ভারতের দিক থেকে রয়েছে মিজোরামের মারপাড়া, শীলছড়ি, তুলপুইবাড়ি এবং লুংসাই।
হাটের বাংলাদেশ অংশে যতটুকু জায়গাজুড়ে বাজার থাকবে, ভারতের অংশেও থাকবে ঠিক ততটুকুই। এতে স্থায়ী কোনো অবকাঠামো থাকবে না।
এর আগে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট ও ভারতের লিংখাট; সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউয়ারঘর ও ভারতের কালিয়াচর; এবং কুড়িগ্রাম জেলার বাজিতপুর উপজেলার বালিয়াবাড়ি ও ভারতের নলিকাতা সীমান্তে হাট স্থাপনের সিদ্ধান্ত হয়। তবে সিলেটের হাট চালু করা যায়নি। আর সুনামগঞ্জের স্থান পরিবর্তন হয়েছে।
জানা গেছে, ২০০৫ সালে জেডব্লিউজির ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশকে সীমান্ত হাট স্থাপনের প্রথম প্রস্তাব দেয় ভারত। বাংলাদেশ তখন এ বিষয়ে ভারতকে একটি ধারণাপত্র দিতে অনুরোধ জানায়। ভারত ধারণাপত্রটি পাঠায় গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৩ এপ্রিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের শুরুর দিক থেকেই এ-বিষয়ক ফাইল সচল হয়।
সীমান্ত হাটে বাংলাদেশি ব্যবসায়ীরা চানাচুর, চিপস, আলু, তৈরি পোশাক, মাছ, শুঁটকি, মুরগি, ডিম, সাবান, সীম, সবজি, গামছা ও তোয়ালে, কাঠের টেবিল ও চেয়ার, গৃহস্থালী কাজে ব্যবহূত লোহার তৈরি পণ্য নিয়ে আসবেন। আর ভারতীয়রা নিয়ে আসবেন ফল, সবজি, মসলা, মরিচ, হলুদ, পান, সুপারি, আলু, মধু, বাঁশ ইত্যাদি।
বাণিজ্যসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আরও কিছু সীমান্ত হাট স্থাপনের বিষয়টি আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। দিল্লিতে অনুষ্ঠেয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।’
প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা ও ভারতের বালাট সীমান্তে যে হাট স্থাপিত হয়েছে, তা চালু রয়েছে। প্রতি মঙ্গলবার এই হাট বসে। বাংলাদেশি পণ্যের মধ্যে থাকে প্রধানত সবজি ও পোশাক। আর ভারতীয়রা নিয়ে আসে সুপারি, জিরা, সাবান ও ছাতা।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, এখানকার সীমান্ত হাটটি এখনো জমে উঠতে পারেনি। বাংলাদেশিরা প্লাস্টিকের পণ্য ও কাপড় নিয়ে হাটে যান। আর ভারতীয়রা নিয়ে আসেন মূলত মসলা। কিন্তু দুই থেকে তিন কেজির বেশি পণ্য কেউ আনতে পারেন না। বিজিবি ও বিএসএফ এতে বাধা দেয়। তা ছাড়া মুদ্রা বিনিময়ের বিষয়টিরও কোনো সুরাহা হয়নি। হাটে আসা-যাওয়াকারী ব্যক্তিরা প্রায়ই বলে থাকেন, বিএসএফ ও বিজিবি সদস্যদের অতিরিক্ত নজরদারিই হাট জমে না ওঠার অন্যতম কারণ। কিছু চোরাকারবারিও হাট সচল হতে না দেওয়ার জন্য তৎপর রয়েছে।