বাংলাদেশ-ভুটান চেম্বার গঠনের উদ্যোগ
দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ-ভুটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিবিসিসিআই) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।প্রস্তাবিত চেম্বারের আহ্বায়ক এজাজ আল কুদরাত এ মজিদ জানিয়েছেন, ইতিমধ্যে তাঁরা এ-সংক্রান্ত প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিয়ে বাণিজ্য সংগঠনসংক্রান্ত অনুমতিপত্রের জন্য আবেদন করেছেন। বার্তা সংস্থা ইউএনবি এ খবর পরিবেশন করেছে।কুদরাত ও মজিদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর (৬-৯ নভেম্বর) যখন ভুটান সফর করেন, তখন এ বিষয়ে ভুটানের সরকার ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে যৌথ বাণিজ্য সংগঠন স্থাপনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।চেম্বার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার অংশ হিসেবে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা অবিলম্বে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করবেন বলেও জানা গেছে।বাংলাদেশ সাধারণত ভুটান থেকে ফল, শাকসবজি, প্রক্রিয়াজাত খাদ্য, কাঠ ও কাঠের সামগ্রী, খনিজ পদার্থ, প্লাস্টিকের সামগ্রী ইত্যাদি আমদানি করে থাকে। বিপরীতে ভুটানে সাধারণত তৈরি পোশাক, রাসায়নিক সামগ্রী, প্রসাধন পণ্য, ওষুধ, শুকনো খাবার, হিমায়িত খাদ্য ইত্যাদি রপ্তানি করা হয়।দ্বিপক্ষীয় বাণিজ্যে বাংলাদেশ অবশ্য ঘাটতির মধ্যে আছে। ২০০৮-০৯ অর্থবছরে ভুটান থেকে এক কোটি ২১ লাখ ডলারের পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ দেশটিতে রপ্তানি করেছে মাত্র ছয় লাখ ডলারের পণ্য। তার মানে দ্বিপক্ষীয় বাণিজ্যে বাংলাদেশের ঘাটতি প্রায় এক কোটি ১৫ লাখ ডলার। ২০০৭-০৮ অর্থবছরে বাংলাদেশ ভুটান থেকে এক কোটি ৩৭ লাখ ডলারের পণ্য আমদানি করেছিল। বিপরীতে রপ্তানি করেছিল ১৩ লাখ ৫০ হাজার ডলারের পণ্য।আর ২০০৬-০৭ অর্থবছরে বাংলাদেশ ১৪ লাখ ডলারের পণ্য রপ্তানির বিপরীতে ভুটান থেকে আমদানি করেছিল এক কোটি ডলারের পণ্য। এর আগে ভুটানের সঙ্গে দ্বিপক্ষীয় মুক্তবাণিজ্য চুক্তি করার বিষয়টি একাধিকবার আলোচনা করা হলেও এ বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি।বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য প্রধানত সড়কপথের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। এ ক্ষেত্রে পণ্য পরিবহন করতে হয় ভারতের ভূখণ্ডের ওপর দিয়ে। পশ্চিমবঙ্গের ফুলবাড়ী ও বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দর দুটি ব্যবহূত হয়।তবে উত্তর-পূর্ব ভারত তথা মেঘালয়ের ওপর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে ভুটানকে ভারত অনুমতি দেবে বলে জানা গেছে। মেঘালয়ের ডাউকি স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সিলেটে শিগগির ভুটানের কিছু কমলার চালান আসবে।সম্প্রতি ভারত ও ভুটানের সরকারি ও ব্যবসায়ী প্রতিনিধিরা ডাউকি স্থলবন্দর এলাকা পরিদর্শন করেছেন।