বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে শিগগিরই বিমান চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে শিগগিরই বিমান চলাচল শুরু হবে। এ-সংক্রান্ত সব আনুষ্ঠানিকতা প্রায় শেষ হয়েছে। চলতি জুনেই মিয়ানমারের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকালে এ ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হবে। এ ছাড়া দুই দেশের মধ্যে শিগগির নৌপথে যোগাযোগও চালু হবে।বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান গতকাল বৃহস্পতিবার ঢাকায় এক সেমিনারে এই তথ্য জানান। খবর ইউএনবির।সেমিনারে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, ‘বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে ব্যবসা করতে আগ্রহী, যেখানে প্রতিবেশী উভয় দেশেরই সমানভাবে লাভবান হওয়ার নিশ্চয়তা থাকে।’ মিয়ানমারের সঙ্গে বাণিজ্যে সব ধরনের বাধা শিগগিরই দূর হবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি আরও বলেন, বাংলাদেশের সোনালী ব্যাংক ও মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে মুদ্রাবিনিময় বিষয়ে একটি চুক্তি হওয়ায় দুই দেশের বাণিজ্যিক লেনদেন-সংক্রান্ত সমস্যার সমাধান হবে।রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-মিয়ানমার চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) সেমিনারটির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএমসিসিআইয়ের সভাপতি কে বি আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএমসিসিআইয়ের সহসভাপতি এস এম নুরুল হক, মিয়ানমারের সাংসদ উ ইয়ান উইন, সেই দেশের প্রথম বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান সিন মং, ইয়াঙ্গুন ইনস্টিটিউট অব ইকোনামিকসের অর্থনীতির অধ্যাপক মং মং সো প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ পড়েন বিএমসিসিআইয়ের উপদেষ্টা কারার মাহমুদুল হাসান। যৌথ কর্মদলের বৈঠক: আমাদের টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি জানান, মিয়ানমারের সি-টুয়ে শহরে অনুষ্ঠিত সীমান্ত বাণিজ্য সংক্রান্ত যৌথ কর্মদলের ষষ্ঠ বৈঠক শেষে বাংলাদেশের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল গত বুধবার দেশে ফিরেছে।প্রতিনিধিদলটির নেতা কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ছৈয়দ নূরুল বাশির স্থানীয় সাংবাদিকদের জানান, বৈঠকে আমদানি-রপ্তানি বৃদ্ধি এবং ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার রোধে নজরদারি করার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ প্রতিনিধিদলে আরও ছিলেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিমউদ্দিন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক বাবুল আজাদ, টেকনাফ শুল্ক স্টেশনের সুপার কাজী আবুল হোসাইন এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।