বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টিকফা দ্রুত সই হবে: মজীনা
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শিগগিরই একটি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা রূপরেখা চুক্তি (টিকফা) সই হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। এর ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের প্রতিবন্ধকতাগুলো এই ফোরামে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা যাবে বলেও জানান তিনি।বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক নিয়ে দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত মতবিনিময়ে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত মজীনা। রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবন মিলনায়তনে গতকাল সোমবার এ সভা অনুষ্ঠিত হয়।মজীনা এ সময় আরও বলেন, ‘টিকফার বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো সমস্যা নেই। বাংলাদেশের আগ্রহেই এই চুক্তি করা হচ্ছে। বাংলাদেশ যদি মনে করে যে তারা লাভবান হবে না, তাহলে তারা এই চুক্তি সই না করতেও পারে।’অনুষ্ঠানে বাংলাদেশি ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশ এখন আর বিদেশি সাহায্য চায় না, চায় ব্যবসায়িক সহায়তা। যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুবিধা এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে। এ জন্য একটি মুক্তবাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও করে এফবিসিসিআই।তবে শুল্কমুক্ত সুবিধাসংক্রান্ত এক প্রশ্নের জবাবে ড্যান মজীনা বলেন, এটা আমেরিকার বাণিজ্যনীতির বিষয়। আমেরিকার সরকার কিংবা প্রেসিডেন্ট ওবামার কাছ থেকে এটা আসে না, আসে কংগ্রেস থেকে। তাই বিষয়টি পুরোপুরি কংগ্রেসের হাতে। আর যুক্তরাষ্ট্রে এখন নির্বাচনী প্রক্রিয়া চলছে। তাই এ মুহূর্তে শুল্কমুক্ত-সুবিধা দেওয়ার এজেন্ডা তোলা কতটুকু কার্যকর হবে, তা-ও ভেবে দেখা প্রয়োজন।প্রসঙ্গত, গত ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৪৯০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। আর সে দেশ থেকে আমদানি করেছে ১০৮ কোটি ডলারের পণ্য।অনুষ্ঠানের ড্যান মজীনা বলেন, বাংলাদেশ ওয়াশিংটনের কাছে নিজেকে ‘উন্নয়নের উদ্ভাবক’ হিসেবে পরিচিত করে তুলেছে। তিনি মনে করেন, অর্থনীতির পরবর্তী পর্যায়ে পৌঁছতে হলে বাংলাদেশকে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে আধুনিক সড়ক, রেল ও নৌপথে মালামাল চলাচলের জন্য উপযোগী পরিবহনব্যবস্থা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পরিবহন-যোগাযোগ স্থাপন, গ্যাস-কয়লা-জ্বালানির পর্যাপ্ত সরবরাহ, আইনের শাসন প্রতিষ্ঠা, বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি, টেকসই ও দৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।মজীনা জানান, যুক্তরাষ্ট্র আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ১০০ কোটি ডলারের উন্নয়ন-সহায়তা দেবে। যুক্তরাষ্ট্রের তিনটি প্রেসিডেনশিয়াল উন্নয়ন উদ্যোগে (খাদ্যনিরাপত্তা, উন্নত স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা) গুরুত্ব পাচ্ছে, এমন গুটি কয়েক দেশের একটি বাংলাদেশ।এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, ‘যুক্তরাষ্ট্র কানাডা ও চীনকে সহায়তা করছে। অথচ এগুলো উন্নত দেশ। আপনারা আমাদের সহায়তা করেন।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মোট পণ্য আমদানির ৯০ শতাংশই হয় চীন থেকে। বাংলাদেশ থেকে চাইলে যুক্তরাষ্ট্র আরও বেশি পরিমাণে পণ্য আমদানি করতে পারে।দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি সইয়ের প্রস্তাব করে আজাদ বলেন, চুক্তির আওতায় যদি দু-তিন শতাংশ শুল্ক থাকে, তাহলেও দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়বে। তবে এ দেশের ব্যবসায়ীরা পূর্ণ শুল্কমুক্ত সুবিধাই চান।এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, জাপান, কোরিয়াসহ বিশ্বের কোনো উন্নত দেশই যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার না পাওয়া পর্যন্ত উন্নত হতে পারেনি। বাংলাদেশের সৌভাগ্য, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের একটি বড় বাজারে পরিণত হয়েছে।সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সামিনা ঈশা মান্নান। আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সহসভাপতি জসিম উদ্দিন, মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক আবদুল হাই শিকদার, এম এ মোমেন, ওবায়দুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী ফখরুল ইসলাম মুনশী প্রমুখ।