বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্ক জটিল হয়ে যাচ্ছে
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই জটিল আকার ধারণ করতে যাচ্ছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও ব্যবসায়-সংক্রান্ত (ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্স) অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জোসে ফার্নান্দেজ।সফররত ফার্নান্দেজ বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে আমলাতন্ত্র একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু কোনো চ্যালেঞ্জই শ্রম অধিকার এবং কর্মপরিবেশের নিরাপত্তার চেয়ে বড় নয়। এসব কারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক জটিল অবস্থায় পৌঁছাতে শুরু করেছে।’ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত ফোরামের বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক অধিবেশনে জোসে ফার্নান্দেজ এসব কথা বলেন। ঢাকা চেম্বার আয়োজিত এ অধিবেশন গতকাল রোববার সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী এতে প্রধান অতিথি থাকলেও বক্তব্য দেননি।যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারি সংলাপের অংশ হিসেবে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। জ্বালানি, শ্রমিক অধিকার এবং আঞ্চলিক সম্পৃক্ততা নিয়েও তিনটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। জোসে ফার্নান্দেজ বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য গত দুই বছরে ১১ শতাংশ বেড়েছে। এক দশকে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ হয়েছে দ্বিগুণ। এ দেশের ওষুধ, জ্বালানি এবং অবকাঠামো খাতে বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক কয়েকটি ঘটনায় বাংলাদেশের ব্র্যান্ড ভাবমূর্তি কিছুটা কমেছে। এ দেশের ব্যবসায়ী সম্প্রদায় এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্র্যান্ড যেন “টপ ব্র্যান্ড” হিসেবে টিকে থাকে, সে জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’বাংলাদেশের বেসরকারি খাতের উদ্যোক্তাদের কর্মপরিবেশ নিশ্চিত করার দিকে নজর দেওয়ার আহ্বান জানান মার্কিন এই কর্মকর্তা।আলোচনায় বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য মোস্তফা আবিদ খান বলেন, ২০০০ সালের পর কয়েকটি উন্নত ও এমনকি কিছু উন্নয়নশীল দেশও বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে পণ্য রপ্তানিতে বাজারসুবিধা দেয়। কিন্তু যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির বিপরীতে বাংলাদেশকে অনেক বেশি হারে শুল্ক দিতে হচ্ছে। যুক্তরাষ্ট্র আমদানি শুল্ক আদায়ের মাধ্যমে যে রাজস্ব পাচ্ছে, তার আড়াই শতাংশই আসছে বাংলাদেশের দেওয়া শুল্ক থেকে।ইউএস-বাংলাদেশ অ্যাডভাইজরি কাউন্সিলের সভাপতি সাব্বির চৌধুরী বলেন, জিএসপি-সুবিধার আওতায় গত বছর বাংলাদেশ যুক্তরাষ্ট্রে মাত্র দেড় কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। অন্যদিকে ভারত রপ্তানি করেছে ৪৮০ কোটি ডলারের পণ্য। বাংলাদেশের ব্যবসায়ীদের জিএসপি সুবিধা নেওয়া উচিত।ঢাকা চেম্বারের পরিচালক মহিউদ্দিন মোনেম বলেন, টিকফা চুক্তি সই হলেই জিএসপি-সুবিধা থাকবে—এমনটা হলে চলবে না।অধিবেশনের সভাপতি ঢাকা চেম্বারের সভাপতি সবুর খান স্বল্পোন্নত দেশের কাতার থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে বাংলাদেশকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানান।