বাংলাদেশ শিগগিরই চাল রপ্তানিকারক দেশ হচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ খুব শিগগির মিয়ানমারের মতো চাল রপ্তানিকারক দেশে পরিণত হতে যাচ্ছে।
এ জন্য দেশে ১৫ লাখ টন সেদ্ধ চাল মজুতের জন্য একটি সাইলো নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। খবর বাসসের।
ভারতের দ্য হিন্দু বিজনেস লাইন-এ প্রকাশিত এক প্রতিবেদনে সে দেশের ‘ইকো এগ্রি ফোরাম কনসাল্টিং সার্ভিস’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুনীশ্বর বাসুদেবার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বাংলাদেশ সেদ্ধ চালের জন্য একটি সংরক্ষণাগার (সাইলো) নির্মাণকাজ হাতে নিয়েছে। প্রতিষ্ঠানটি প্রকল্পটি বাস্তবায়নের সঙ্গে সম্পৃক্ত।
বাংলাদেশে প্রতি টন চাল গুদামজাত করতে মাঠপর্যায়ের খরচ বাদে মোট ব্যয় হয় ২৪০ মার্কিন ডলার। ভূ-প্রাকৃতিক কারণে এ ব্যয় ভারতের তুলনায় বেশি।
প্রধান নির্বাহী কর্মকর্তার মতে, এ ব্যয় প্রায় চার গুণ বেশি। তিনি জানান, এ প্রকল্পের দরপত্র প্রস্তুতসহ প্রাথমিক পর্যায়ের কাজ তাঁরা শেষ করেছেন।

বিশ্বব্যাংক ও বাংলাদেশ আগামী আগস্ট মাস নাগাদ এ-সংক্রান্ত কাজের জন্য দরপত্র আহ্বান করবে এবং সেপ্টেম্বর মাস নাগাদ দরদাতাদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর দুই বছরের মধ্যে অর্থাৎ ২০১৫ সাল নাগাদ এ কাজ শেষ হবে।

বাংলাদেশের চাল উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমদানি কমছে। দেশটি বিগত ২০১২-১৩ বছরে ভারত থেকে ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন ২৭ হাজার ৭০০ মেট্রিক টন চাল আমদানি করে।