বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একটি যৌথ অর্থনৈতিক কাউন্সিল (জেইসি) গঠনের প্রস্তাব করেছে দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষস্থানীয় সংগঠন এফবিসিসিআই। একই সঙ্গে শ্রীলঙ্কার উদ্যোক্তাদের বাংলাদেশে অবকাঠামো, কৃষিভিত্তিক শিল্প, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগেরও প্রস্তাব করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা সফররত শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষের সম্মানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) দেওয়া এক মধ্যাহ্ন ভোজসভায় সংগঠনের সভাপতি এ কে আজাদ এসব প্রস্তাব করেন।রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এ ভোজসভায় শ্রীলঙ্কার রাষ্ট্রপতির স্ত্রী শ্রীরান্তি রাজাপক্ষে, পররাষ্ট্রমন্ত্রী জি এল পিরিস, বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দিপুমনি, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী মোশাররফ হোসেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের প্রমুখ উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপন করেন এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মো. জসিমউদ্দিন। স্বাগত বক্তব্যে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, বাংলাদেশে শ্রীলঙ্কার বিনিয়োগের পরিমাণ সন্তোষজনক নয়। ১৯৭১ থেকে ২০১০ সাল পর্যন্ত ৩১টি প্রতিষ্ঠান বাংলাদেশ বিনিয়োগ বোর্ডে বিনিয়োগের জন্য নিবন্ধিত হয়ে সাড়ে সাত কোটি ডলার বিনিয়োগ করেছে। এ কে আজাদ আরও বলেন, বর্তমানে বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা দিচ্ছে। এ সুযোগ কাজে লাগিয়ে তিনি বিদ্যুৎ, অবকাঠামো, বন্দর ও স্বাস্থ্যসেবা প্রভৃতি খাতে শতভাগ মালিকানা বা যৌথ মালিকানায় বিনিয়োগের আহ্বান জানান। এ ছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর স্বার্থে যৌথ মালিকানায় বাংলাদেশে নারকেল তেলকল, বস্ত্র, চামড়া ও পাদুকা, প্রকৌশল, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে বিনিয়োগের প্রস্তাব করেন। এফবিসিসিআইয়ের সভাপতি দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বাড়ানোর জন্য শ্রীলঙ্কায় বাংলাদেশি পণ্যের একক মেলা এবং একইভাবে বাংলাদেশে শ্রীলঙ্কার পণ্যের একক মেলা আয়োজনের প্রস্তাব করেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ সন্তোষজনক নয়। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জি এল পিরিস বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তার পরও দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ খুব বেশি না। মধ্যাহ্নভোজ শেষে রাজাপক্ষে উপস্থিত ব্যবসায়ীদের সঙ্গে টেবিলে টেবিলে গিয়ে কুশল বিনিময় করেন।উল্লেখ্য, ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ দুই কোটি ৩৭ লাখ ডলারের পণ্য রপ্তানির বিপরীতে শ্রীলঙ্কা থেকে দুই কোটি ২৬ লাখ ডলারের পণ্য আমদানি করেছে। আর চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ এক কোটি ৩৮ লাখ ডলারের পণ্য রপ্তানির বিপরীতে শ্রীলঙ্কা থেকে এক কোটি ২৮ লাখ ডলারের পণ্য আমদানি করেছে।