বাংলাদেশ সফরে আসছে সিআইআই বাণিজ্য প্রতিনিধিদল
কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) সভাপতি ও গোদরেজ গ্রুপের চেয়ারম্যান আদি গোদরেজের নেতৃত্বে ভারতের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের এক প্রতিনিধিদল ২০ জুলাই ঢাকায় আসছে। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে উচ্চপর্যায়ের ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদল তিন দিনের সফরে আলোচনা করবে।ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিআইআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তাদের এই প্রতিনিধিদলে কৃষি, মোটরগাড়ি, প্রকৌশল, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো, জ্বালানি ও টায়ার উৎপাদন শিল্পে জড়িত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা থাকবেন।উল্লেখ্য, গত বছর ত্রিপুরা সফরের সময় সিআইআইয়ের এক প্রতিনিধিদল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিল।সিআইআইয়ের প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে থাকছেন সংগঠনের সাবেক সভাপতি ও বাংলাদেশ কমিটির চেয়ারম্যান শেখর দত্ত, অশোক লেল্যান্ডের অ্যান্টনি লোবো, ব্লু স্টার লিমিটেডের সুনীল এম আদভানি, সিয়াট লিমিটেডের রাজীব কুমার জেইন, বাজাজ অটো লিমিটেডের রাকেশ শর্মা, টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের শ্যামল গুপ্ত, টাটা পাওয়ারের শুভ শ্রীবাস্তব ও মেক্স হেলথকেয়ারের অজয় বকশী।