বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিক ফোরাম শুরু হয়েছে
গতকাল শনিবার থেকে ঢাকায় শুরু হয়েছে ছয় দিনব্যাপী বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিক ফোরাম ২০১১-এর সম্মেলন।ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন চলবে ২৮ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত। এই সম্মেলনের যৌথ আয়োজক ঢাকা স্কুল অব ইকোনমিকস এবং বাংলাদেশ অর্থনৈতিক সমিতি।গতকাল বিকেলে বাংলাদেশ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) সামষ্টিক অর্থনীতিবিষয়ক অধিবেশনের মাধ্যমে এই ফোরামের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী তাঁর বক্তৃতায় দেশি-বিদেশি বিনিয়োগ পরিস্থিতির স্বল্পতায় উদ্বেগ প্রকাশ করেন। ব্যাংকগুলোয় অস্থিরতা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে এই অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক কাজী মেসবাহউদ্দিন আহমেদ।