বাংলাদেশ হয়ে ত্রিপুরায় খাদ্যপণ্য যাবে
ভারী বৈদ্যুতিক সরঞ্জামের পর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরাতে এবার খাদ্যশস্য পাঠানোর জন্য ভারতকে নদীপথ ও আশুগঞ্জ বন্দর ব্যবহার করতে দিতে রাজি হয়েছে বাংলাদেশ। ত্রিপুরা সরকার গতকাল সোমবার এ কথা নিশ্চিত করেছে। খবর বিবিসি বাংলার।
আগামী দু-তিন সপ্তাহের মধ্যেই প্রথম দফার ‘পরীক্ষামূলকভাবে’ ১০ হাজার মেট্রিক টন চাল পাঠানোর জন্য দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। এই ‘ট্রায়াল’ সফল হলে আগামী বেশ কয়েক মাস বাংলাদেশ হয়েই ত্রিপুরায় খাদ্যশস্য আসবে। এর আগে ত্রিপুরান পালাটানায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ভারী সরঞ্জামও গিয়েছিল আশুগঞ্জ হয়ে। তবে চাল-গম পরিবহনের জন্য এই প্রথম বাংলাদেশ তাদের করিডর ব্যবহার করতে দিচ্ছে ভারতকে।
উল্লেখ্য, ত্রিপুরায় প্রতি মাসে কেন্দ্রীয় সরকারকে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন চাল-গম পাঠাতে হয়। আর এর পুরোটাই যায় গুয়াহাটি-আগরতলা রেলপথ হয়ে।