
আগামী ২০ বছর পর বাংলাদেশের দারিদ্র্য অনেকাংশেই দূর হয়ে যাবে। সে সময় বাংলাদেশ মধ্যম আয়ের দেশেও পরিণত হবে। এমনই আশা বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের।
তবে ওই সময় মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব হবে কি না সে বিষয়টিকে সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন এই বিশিষ্ট ব্যক্তি।
ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত মাসিক মধ্যহ্ন ভোজসভায় প্রধান অতিথির বক্তব্যে ফজলে হাসান আবেদ এসব কথা বলেন।
ফজলে হাসান আবেদ বলেন, শিক্ষাব্যবস্থার পরিবর্তন না হলে মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব হবে না। আর শিক্ষার মান না বাড়লে এ দেশ এগোতে পারবে না। এ জন্য শিক্ষাব্যবস্থার নাটকীয় পরিবর্তন ঘটাতে হবে। উচ্চ মানসম্মত শিক্ষা দিতে হবে, শিক্ষার ক্ষেত্রে দরিদ্রদের সংযোগ ঘটাতে হবে, পাঠ্যক্রমের উন্নয়নে জোর দিতে হবে।
রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল অনুষ্ঠিত ওই সভা এফআইসিসিআইয়ের সভাপতি রুপালী চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়। ফজলে হাসান আবেদের জীবনবৃত্তান্ত পড়ে শোনান সংগঠনের নির্বাহী পরিচালক এম এ মতিন। উপস্থিত ছিলেন সহসভাপতি জিওফ্রে স্ট্রং ও অন্যরা।
বাংলাদেশে কেন পোশাক খাতে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারী দেশ হয়ে উঠেছে, তার একটি ব্যাখ্যা দেন ফজলে হাসান আবেদ। তিনি বলেন, ‘আমরা পোশাক খাতের জন্য একধরনের প্রতিবেশ (ইকোসিস্টেম) তৈরি করতে সক্ষম হয়েছি। আমাদের গ্রামের মায়েরা প্রত্যেকেই এখন একেকজন উদ্যোক্তা হয়ে উঠেছেন। অর্থ উপার্জনের জন্য তাঁরা তাঁদের মেয়েদের ঢাকায় পাঠিয়ে দিচ্ছেন। তারা এসে পোশাক কারখানায় কাজ করছে। সে জন্যই এ দেশের পোশাক খাতের মহিলা শ্রমিকদের একটি বড় অংশই গ্রাম থেকে আসা। এভাবে একটা প্রতিবেশ তৈরি হয়ে গেছে।’
অনুষ্ঠানে রুপালী চৌধুরী বলেন, ‘আমাদের দেশে গ্যাসের সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে। এত সমস্যার পরও আমরা (ব্যবসায়ীরা) কিন্তু লোকসান করছি না। সে দিক থেকে আমরা এ দেশের শুভেচ্ছা দূত। এ বিষয়গুলো বিশ্বের কাছে আমাদের তুলে ধরতে হবে।’