বাংলাদেশকে আরও ঋণ দিতে চায় ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সাবেক মনমোহন সিং সরকারের ধারাবাহিকতায় বর্তমান নরেন্দ্র মোদি সরকারও বাংলাদেশকে ঋণ (লাইন অব ক্রেডিট) দিতে চায়। দেশটি আগেরবারের মতোই বাংলাদেশের সড়কযোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন খাতে ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ অবশ্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে এ ঋণ নিতে আগ্রহী।
সচিবালয়ে গতকাল সোমবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে সফররত ভারতের পররাষ্ট্রসচিব (বহুপক্ষীয় ও অর্থনৈতিক সম্পর্ক) সুজাতা মেহতা নতুন এই ঋণের প্রস্তাব দেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় যে ৫০ দফা যৌথ ইশতেহার ঘোষিত হয়েছিল, তাতে বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। ওই বছরের আগস্টে বিষয়টি নিয়ে উভয় দেশের মধ্যে একটি চুক্তি হয়। যদিও পরে ২০ কোটি ডলারকে অনুদানে রূপান্তরিত করে ভারত নিট ঋণের আকার দাঁড় করায় ৮০ কোটি ডলার, যা ১৫টি প্রকল্পে ব্যয় হওয়ার কথা। অনুদানের ২০ কোটি ডলার এরই মধ্যে পদ্মা সেতু নির্মাণকাজে ব্যয় হচ্ছে বলে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান।
ভারতীয় সচিবের সঙ্গে গতকাল অনুষ্ঠিত বৈঠকে কী আলোচনা হলো, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘কোন খাতে আমরা ঋণ চাই, সুজাতা মেহতা তা জানতে চান। ভারতের ১০০ কোটি ডলারের একটি ঋণ কর্মসূচি আগে থেকেই চলছে। তাই আমরা বলেছি, নতুন ঋণ যেন শিক্ষা ও স্বাস্থ্য খাতে দেওয়া হয়।’
নতুন ঋণের পরিমাণ এখনো ঠিক হয়নি বলে জানান অর্থমন্ত্রী। তবে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, আগেরটির মতো এটিও হবে ১০০ কোটি ডলারের কিছু কম বা বেশি।
পর্যটকদের জন্য উপকূলীয় অঞ্চলে নৌ ট্রানজিট দেওয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ভারত এ বিষয়ে একটি প্রস্তাব দিতে পারে বাংলাদেশকে। পরে বাংলাদেশও তাদের দিতে পারে একই ধরনের প্রস্তাব। এভাবেই বিষয়টি এগোবে।
চলতি বছরের কোনো এক সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির বাংলাদেশ সফরের কথা রয়েছে। ‘তখন তাঁর কাছ থেকেই দ্বিতীয় ঋণের বিষয়টি ঘোষণা আকারে আসবে’ বলে জানান অর্থমন্ত্রী। মুহিত বলেন, ভারতীয় সচিব বলেছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যমান সম্পর্কে তাঁরা খুশি। এ সম্পর্ককে তাঁরা আরও গভীর করতে চান।
অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সুজাতা মেহতাও সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময়েই নতুন ঋণ চুক্তিটি চূড়ান্ত করা হবে।’
মনমোহন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের যেসব চুক্তি রয়েছে এবং ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে যেসব সহযোগিতার কথা আগে বলা হয়েছে, ভারতের বর্তমান সরকারও সেগুলো অব্যাহত রাখবে বলে উল্লেখ করেন সুজাতা।
ভারতীয় সচিব আরও বলেন, সড়কপথে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে ভারত-বাংলাদেশ কাজ করছে। এ ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নকেই অধিক গুরুত্ব দিচ্ছে ভারত।
এদিকে গতকাল বিকেলে ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহ্উদ্দিনের সঙ্গে আলাদা বৈঠক করেন সুজাতা। এই বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কেউই কথা বলেননি।
তবে ইআরডি সূত্র জানায়, ভারতীয় ঋণের অর্থে রেলপথ, সড়কপথ ইত্যাদি খাতের যে ১৫টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেগুলোতে প্রকৃত ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি ডলারেরও বেশি। এগুলোতে ভারতীয় ঋণের ৮০ কোটি ডলারের অতিরিক্ত অর্থ ব্যয় হবে সরকারের তহবিল থেকে। যদিও ৮০ কোটি ডলারের অর্ধেকও এখন পর্যন্ত ছাড় হয়নি। চলমান ভারতীয় ঋণের বার্ষিক সুদের হার ১ দশমিক ৭৫ শতাংশ। পরিশোধের সময়কাল ২০ বছর, তবে পাঁচ বছর গ্রেস পিরিয়ড রয়েছে।