এ সপ্তাহের সাক্ষাৎকার: সম্প্রতি বাংলাদেশ সফরকালে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট এফ এনওয়ানজি
বাংলাদেশকে কৃষিতে জোর দিতে হবে
প্রথম আলো: বাংলাদেশের কৃষি অর্থনীতিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন?এফ এনওয়ানজি: বিশ্বের অনেক দেশই কৃষি উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিকভাবে বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। চীন, ব্রাজিল বা ভারত কৃষিক্ষেত্রে বিনিয়োগ ও প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে বিশ্বের অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হতে যাচ্ছে। ৩৫ বছর আগেও ব্রাজিল খাদ্যনিরাপত্তাহীনতার মধ্যে ছিল। আজ তারা বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য রপ্তানিকারক এবং মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। তারা জি-২০তেও নিজেদের অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। বাংলাদেশের জন্য তেমন সুযোগ রয়েছে।প্রথম আলো: এটি কীভাবে সম্ভব? এফ এনওয়ানজি: হিমালয় পর্বতমালা থেকে সৃষ্ট গঙ্গা ও ব্রহ্মপুত্রের মতো বিশাল নদী বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এ নদীগুলো একটি নিষ্কাশন চ্যানেল হিসেবে কাজ করছে। এখানকার বেশির ভাগ জমিই কৃষিকাজের উপযোগী। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ যদি কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার করতে পারে, জলাভূমি ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা গড়ে তুলতে পারে, তাহলে কৃষিতে ব্যাপকভাবে উৎপাদন বাড়ানো সম্ভব। প্রথম আলো: এ ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কী কী?এফ এনওয়ানজি: সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। এ জন্য সরকারকে গ্রামীণ পর্যায়ে পর্যাপ্ত যোগাযোগ অবকাঠামো ও ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। গুদামজাতকরণ ক্ষমতা ও বাজারজাতকরণের সুযোগ করে দিতে হবে। তবে শুধু উৎপাদন বাড়লেই হবে না। উৎপাদিত সম্পদে মানুষের অংশীদারি কতটুকু তা গুরুত্বপূর্ণ। আবার ক্ষুদ্রঋণকেও আমরা দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে মনে করি। প্রথম আলো: সীমিত কৃষিজমি ও বিপুল জনসংখ্যা আর জলবায়ু পরিবর্তনের হুমকির মধ্যে থাকা বাংলাদেশের পক্ষে অগ্রসর হওয়া কি সম্ভব? এফ এনওয়ানজি: সংকট অনেক ক্ষেত্রে সম্ভাবনা তৈরি করতে পারে। বাংলাদেশ ইতিমধ্যে জনসংখ্যা বৃদ্ধির ৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশের নিচে নামিয়ে এনেছে। মাতৃমৃত্যুর হার কমিয়ে ও নারীদের শিক্ষার হার বাড়িয়েছে। জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য বড় সমস্যা। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে আমি জেনেছি, তিনি বিষয়টি নিয়ে বেশ সচেতন। অন্য সংকটগুলো মোকাবিলা করে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমার দৃঢ় বিশ্বাস, কৃষিক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগোবে। প্রথম আলো: বাংলাদেশ শিল্প না কৃষি উন্নয়নের কোন পথে এগোবে এ নিয়ে বিতর্ক রয়েছে। এফ এনওয়ানজি: শিল্পে উন্নতি করতে হলেও বাংলাদেশকে কৃষিতে জোর দিতে হবে। শিল্পের কাঁচামাল সরবরাহের জন্য প্রাথমিক কৃষিপণ্যের উৎপাদন বাড়িয়ে উদ্বৃত্ত তৈরি করতে হবে। এটাই বিশ্বের বেশির ভাগ দেশের শিল্পোন্নয়নের প্রধান শর্ত হিসেবে কাজ করেছে। প্রথম আলো: ইফাদ এ ক্ষেত্রে বাংলাদেশকে কীভাবে সহায়তা দেবে? এফ এনওয়ানজি: ১৯৭৮ সাল থেকে ইফাদ বাংলাদেশের কৃষিক্ষেত্রে উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করছে। এ পর্যন্ত ইফাদ থেকে বাংলাদেশকে ৬০ কোটি ডলার উন্নয়ন-সহায়তা দেওয়া হয়েছে। প্রায় ১০০ কোটি ডলারের উন্নয়ন কাজের অংশীদার হিসেবেও ইফাদের ভূমিকা ছিল। গত আট বছরে ইফাদ বাংলাদেশে তাদের বিনিয়োগ দ্বিগুণ করেছে। তবে কোন ধরনের সহায়তা প্রয়োজন, তা বাংলাদেশ সরকারকে ঠিক করে দিতে হবে। আগামী বছর থেকে ইফাদ বিশ্বের বেশ কয়েকটি দেশে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন বিষয়ে একটি বড় প্রকল্প শুরু করতে যাচ্ছে। বাংলাদেশ এ ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। পাঁচটি জেলার হাওরের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে ১১ কোটি ৫০ লাখ ডলারের যে প্রকল্পটি শুরু হতে যাচ্ছে ইফাদ এককভাবে এতে পাঁচ কোটি ৬০ লাখ ডলার ঋণসহায়তা দেবে। আগামী বছর থেকে ইফাদ বাংলাদেশে তাদের আবাসিক কার্যালয় স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে।প্রথম আলো: আপনি ও ব্র্যাকের ফজলে হাসান আবেদ মিলে কিছুদিন আগে সাউথ সাউথ কো-অপারেশনের একটি ধারণা বিশ্বব্যাপী তুলে ধরেছিলেন। এফ এনওয়ানজি: আমরা বলছি শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে একটি সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে হবে। শিল্পোন্নত দেশগুলোর কাছে প্রযুক্তি ও আধুনিক জ্ঞান আছে। আর উন্নয়নশীল দেশগুলোর আছে উন্নয়নের নানা ধরনের মডেল ও অভিজ্ঞতা আর বিপুলসংখ্যক দক্ষ জনগোষ্ঠী। এ দুইয়ের মধ্যে বিনিময় হলে সারা পৃথিবীর মানুষ লাভবান হবে।[সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহ ও ইফতেখার মাহমুদ]