বাংলাদেশকে ছেড়ে যাবে না এইচ অ্যান্ড এম
বাংলাদেশ থেকে বছরে ১ হাজার ডিজাইনের ১০০ কোটি পিস পোশাক আমদানি করে বিশ্বের খ্যাতনামা পোশাক বিপণনকারী কোম্পানি এইচ অ্যান্ড এম (হেন্স অ্যান্ড মরিটজ)। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং পোশাক কেনার জন্য বাংলাদেশকে ছেড়ে যাওয়ার চিন্তা কোম্পানিটির নেই।
জার্মানির হামবুর্গে গত শুক্রবার এইচ অ্যান্ড এমের কার্যালয়ে কোম্পানিটির সাসটেইনেবিলিটি ম্যানেজার হেনরিক হোয়ারমেন এ কথা জানিয়েছেন। কোম্পানির আরেক শীর্ষ কর্মকর্তা ইয়োলা কিয়োক এ সময় উপস্থিত ছিলেন।
জার্মান সংস্থা জিআইজেডের আমন্ত্রণে দেশটির বার্লিন ও হামবুর্গে গত ২৯ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ‘বাণিজ্য সাংবাদিকতায় নৈতিকতা’ শীর্ষক কর্মশালায় অংশ নেয় বাংলাদেশের সাত সাংবাদিকসহ নয় সদস্যের একটি প্রতিনিধিদল।
দলটি পোশাক খাত ও সাংবাদিকতা-বিষয়ক মোট ১২টি অধিবেশনে অংশ নেয়। দলের সমন্বয়ক ছিলেন জিআইজেডের পরামর্শক ও জার্মান সাংবাদিক আন্দ্রিয়া টাপার। শেষ অধিবেশনটি ছিল এইচ অ্যান্ড এমের সঙ্গে।
সুইডিশ বহুজাতিক কোম্পানি এইচ অ্যান্ড এম সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিয়ে হেনরিক বাংলাদেশ প্রসঙ্গে আসেন। তিনি জানান, ৬১টি দেশে ৩ হাজার ৯০০ স্টোর রয়েছে এইচ অ্যান্ড এমের, কর্মসংস্থান ১ লাখ ৪৮ হাজার লোকের। এর মধ্যে জার্মানিতে রয়েছে ৪৪০টি স্টোর, যেগুলোতে কাজ করছেন ২০ হাজার লোক। ঘণ্টাব্যাপী অধিবেশনের এরপরের আলোচনা ছিল প্রশ্নোত্তর-নির্ভর।
সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) এক প্রতিবেদনে এইচ অ্যান্ড এমের সরবরাহ-ব্যবস্থায় দুর্নীতির চিত্র তুলে ধরা হয়েছে—হেনরিক এ বিষয়ে বলেন, ‘জার্মানির ৯৭ শতাংশ মানুষ এইচ অ্যান্ড এমকে চিনে। দুর্নীতিকে জার্মানি যেমন প্রশ্রয় দেয় না, এইচ অ্যান্ড এমও বরদাশত করে না।’ উল্টো বাংলাদেশি সাংবাদিকদের কাছে তিনি জানতে চান, টিআইয়ের প্রতিবেদনে নির্দিষ্ট কোনো কারখানার কথা আছে কি না।
এইচ অ্যান্ড এমের কাছে বাংলাদেশ কেন গুরুত্বপূর্ণ জানতে চাইলে সরাসরি জবাব দেননি হেনরিক। তবে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে লম্বা অংশীদারি রয়েছে আমাদের। ৩০ বছর আগেই আমরা ঢাকায় অফিস করেছি। বাংলাদেশ এখনো গুরুত্বপূর্ণ।’
হেনরিক বলেন, ‘ন্যায্যমূল্যে গুণগত মানের ফ্যাশন’—এই দর্শন নিয়ে এইচ অ্যান্ড এম বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সময়ের জন্য সম্পর্ক রাখতে চায়।
উৎপাদন খরচ কমানোর জন্য বাংলাদেশের অনেক পোশাক কারখানার মালিক ইথিওপিয়ায় কারখানা স্থাপন করছে বলে উল্লেখ করেন এইচ অ্যান্ড এমের এই কর্মকর্তা।
খরচ কমানোর জন্য চীন পোশাক উৎপাদন কমালে এইচ অ্যান্ড এমের পরিকল্পনা কী হবে—জানতে চাইলে হেনরিক জানান, তিনি মনেই করেন না যে চীন তার উৎপাদন কমাবে।
বাংলাদেশ থেকে বছরে কত ডলারের পণ্য আমদানি করে এইচ অ্যান্ড এম—ব্যবসায়িক গোপনীয়তা বজায় রাখার অংশ হিসেবে এমন প্রশ্নের জবাব দেবেন না বলে জানান হেনরিক।
এদিকে এইচ অ্যান্ড এমের পাশাপাশি জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন-বিষয়ক মন্ত্রণালয়, বেসরকারি সংস্থা ইনকোটা, ট্রেড ইউনিয়ন আইজি মেটাল, সরকারি টেলিভিশন ও রেডিও আরবিবি, কো-অপারেটিভের মালিকানায় পরিচালিত দৈনিক পত্রিকা তাজ, নারীদের জন্য প্রকাশিত পাক্ষিক পত্রিকা ব্রিজিত, বিশ্বের সবচেয়ে বড় অর্গ্যানিক পোশাক বিপণনকারী কোম্পানি হেসনাটুরের সঙ্গে পোশাক খাতের নানা দিক ও প্রতিবেদন নিয়ে আলোচনা করেন বাংলাদেশি সাংবাদিকেরা।
সাংবাদিকদের পর্যবেক্ষণে এসেছে, রানা প্লাজা ধসের পর বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচক প্রচারণা ছড়িয়ে পড়েছিল, তা এখনো কাটেনি। তাই সব অধিবেশনেই বাংলাদেশি সাংবাদিকেরা রানা প্লাজা ধসের পর অগ্নিনিরাপত্তাসহ বাংলাদেশের পোশাক খাতের কর্মপরিবেশের যে ব্যাপক উন্নয়ন হয়েছে, তা দেখে যাওয়ার আহ্বান জানান।
পাক্ষিক ব্রিজিত-এর এক সাংবাদিক বলেই বসেন, ‘আপনারা কি বাংলাদেশের পোশাক খাতের ভাবমূর্তি ফেরানোর দূত (অ্যাম্বাসেডর) হিসেবে কাজ করছেন?’
জবাবে সাংবাদিকেরা বলেন, বাংলাদেশের পোশাক কারখানার উন্নয়ন চিত্র জার্মানির ভোক্তারা অন্তত জানেন না। কারণ, এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে কোনো প্রতিবেদন হয়নি।